এতদিন আশাকর্মীদের মাসিক ভাতা দেওয়া হত ৫,২৫০ টাকা৷ তা বাড়ানোর দাবি জানিয়েছিলেন তাঁরা৷ পাশাপাশি, আশাকর্মীদের দাবি ছিল, কর্মরত অবস্থা মারা গেলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা৷ মোবাইল যেটা দেওয়া হয়েছে সেটার জন্য় মিনিমাম সাড়ে তিনশো টাকা ৫জি প্যাকেজ । মাতৃত্বকালীন ছুটি৷
advertisement
বৃহস্পতিবার রাজ্যের অন্তবর্তী বাজেটে ঘোষণা করা হল, এবার থেকে অতিরিক্ত আরও ১০০০ টাকা করে পাবেন আশাকর্মীরা৷ তাঁদের দাবি মেনে নিয়ে রাজ্য সরকার জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা লাভ করবেন। এর পাশাপাশি, কোনও আশা কর্মীর কর্মরত অবস্থায় অকালমৃত্যু হলে, তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থাও করা হবে।
এদিন বাজেট ঘোষণার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ বিষয়ে তাঁর মতামত ব্যক্ত করেন৷ বলেন, ‘‘আশাকর্মীদের মাতৃত্বকালীন ছুটি পাওয়া উচিত। এটা একটা প্রজেক্ট। আমি যখন ক্ষমতায় আসি তখন ৮০০ টাকা করে দেওয়া হত। একটা ইনসেনটিভ পায়। মাইনে ওদের বন্ধ করে দিয়েছিল। সেখান থেকে আমরা ওদের মাইনে বাড়ালাম। পাশে মাতৃত্বকালীন ছুটি পাবে।’’
আশা কর্মীদের পাশাপাশি, আইসিডিএস (ICDS) কর্মীরা প্রাথমিক শিশু পরিচর্যা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সাম্মানিক আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে জানানো হয়েছে।
এছাড়াও, কর্মরত অবস্থায় কোনও অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার অকালমৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে মোট ১০০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হচ্ছে রাজ্যের তরফে।
