পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মালদহের কালিয়াচক থানার কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের মডেল বাজার এলাকায় অবস্থিত বাজার কমিটির একটি অফিস ঘরে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগ দেখে সন্দেহ হলে তাঁরা কালিয়াচক থানায় খবর দেন।
advertisement
এরপর কালিয়াচক থানার পুলিশ বম্ব স্কোয়াড টিম ও দমকল বাহিনীকে সঙ্গে করে ঘটনাস্থলে পৌঁছয়। পরিত্যক্ত ব্যাগ তল্লাশিতে উদ্ধার হয় ১০টি তাজা বোমা। স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্য মুক্তার শেখ জানান, “জনবহুল এলাকা থাকলেও বাজার কমিটির সেই অফিস ঘরটি পরিত্যক্ত অবস্থায় ফাঁকা পড়ে ছিল। কেউ বা কারা ফাঁকা ঘরের সুযোগে ব্যাগভর্তি বোমাগুলি রেখে গিয়েছে। এই বিষয়ে পুলিশে খবর দেওয়া হলে বম্ব স্কোয়াড টিম, দমকলবাহিনী এবং পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জনবহুল এলাকায় এহেন ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমাগুলি উদ্ধারের পর অন্যত্র ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড টিম। একইসঙ্গে পরিত্যক্ত অবস্থায় বোমা মজুদ করার আসল রহস্য জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।






