পরীক্ষা শেষে শিক্ষকের বিরুদ্ধে স্কুলের বাইরে এসে সরব হয় পরীক্ষার্থীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ছাত্রদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি বললেন, পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নকল করতে না দেওয়ায় শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। ঘটনার জেরে পরীক্ষা শেষে উত্তেজনা ছড়ায় এলাকায়।
advertisement
জানা গিয়েছে, মালদহের মানিকচকের নুরপুর উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এবার মানিকচক গভর্নমেন্ট মডেল স্কুল এবং নুরপুর এসটিবি হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে । অভিযোগ, স্কুলের ১৪ নম্বর পরীক্ষা কক্ষের নজরদারির দায়িত্বে থাকা একজন শিক্ষক এসটিবি উচ্চবিদ্যালয়ের একজন ছাত্রকে সহযোগিতা করে উত্তর বলে দেন। অথচ, অন্য পরীক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত কড়া মনোভাব নেন ওই শিক্ষক।
এই অভিযোগ নিয়েই ক্ষোভ ছড়ায় পরীক্ষার্থীদের মধ্যে। যদিও নুরপুর স্কুলের প্রধান শিক্ষক জানান, আগামিকাল পরীক্ষা শুরুর আগে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলা হবে।
