কম খরচে দার্জিলিং ভ্রমণ করতে চাইলে আগে থেকে ট্রেনের টিকিট বুকিং করে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তবে যদি হাতে সময় কম থাকে বা টিকিট না পান, তাহলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আপনার জন্য আদর্শ হতে পারে। কম ভাড়ায় আপনি কলকাতা থেকে সহজে পৌঁছে যেতে পারবেন পাহাড়ের দোরগোড়ায়। এনজেপি থেকে শেয়ার গাড়িতে পৌঁছতে হবে দার্জিলিং।
advertisement
দার্জিলিং গিয়ে চেষ্টা করুন ইয়ুথ হোস্টেলে থাকার। তাহলেই রাত্রিবাসের খরচ আপনার সব থেকে কম পড়বে। তবে যদি আগে থেকে ইউথ হোস্টেল বুকিং করে রাখতে না পারেন বা থাকার জায়গা না পান, তাহলে ম্যাল থেকে একটু দূরে হোটেল নেওয়ার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলে খুব সহজে আপনার বাজেট অনুযায়ী হোটেল পেয়ে যাবেন। বর্তমানে অনেক হোটেল কম বাজেটের সঙ্গে খাওয়া-দাওয়ারও ব্যবস্থা রাখে। যা আপনার জন্য আরও সাশ্রয়ী হতে পারে।
পকেটে টান থাকলে বড় বড় রেস্টুরেন্টে খাওয়ার বদলে দার্জিলিংয়ের স্ট্রিট ফুডের স্বাদ নেওয়ার চেষ্টা করুন। এগুলি যেমন পকেট ফ্রেন্ডলি, তেমনি সুস্বাদু। ফলে কম খরচে পেট ভরাতে পারবেন। কাছাকাছি দূরত্বের জায়গাগুলি পায়ে হেঁটে ঘোরার চেষ্টা করুন। যেমন জুলজিক্যাল পার্ক, মহাকাল মন্দির, পিস প্যাগোডা, মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইত্যাদি। আর যে সমস্ত জায়গাগুলি একটু দূরে, সেগুলিতে যাওয়ার জন্য শেয়ার গাড়ির ওপর ভরসা রাখুন। পারলে সময় করে গিয়ে গাড়িচালকদের সঙ্গে কথা বলে সময় জেনে রাখুন। তাহলে কম খরচে, কম সময়ে দুটো দিন পাহাড় থেকে সহজেই ঘুরে আসতে পারবেন।
