বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে জেলার পরিস্থিতি। ইতিমধ্যেই কোচবিহার জেলার নতুন পুলিশ সুপার যশপ্রীত সিং প্রতিটি থানা এলাকায় গিয়ে ভোটের আগে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে প্রতিটি থানা এলাকায় রুটমার্চ করেছেন। বুধবার শীতলকুচি নতুন বাজার এলাকায় প্রতিদিনের মতোই নাকা চেকিংয়ে প্রতিটি গাড়ির তল্লাশি নিচ্ছিল পুলিশ। সেই সময় একটি গাড়ি থেকে ১৬ লক্ষ ৮০ হাজার মেলে। পরবর্তীতে আরেকটি গাড়ি থেকে দেড় লক্ষ টাকা পাওয়া যায়।
advertisement
প্রথম গাড়িটি একটি গাড়ির শোরুম মালিকের ছিল। পরের গাড়ি ছিল জেলার এক ব্যবসায়ীর। নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে প্রতিটি এলাকায়। এই সময় নথি ছাড়া বেশি পরিমাণে টাকা নেওয়ার নিয়ম নেই বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গাড়ির মালিকরা বৈধ কাগজ দেখাতে না পারায় তাঁদের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে তুফানগঞ্জ এলাকায় অসম-বাংলা সীমান্ত চোরাই দিয়ে এক যুবক পায়ে হেঁটে এলাকায় প্রবেশ করেছিল। সেখানে নাকা চেকিং পয়েন্টের পুলিশ তাঁর তল্লাশি নেওয়ার সময় কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পাশাপাশি এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। ওই যুবক অসমের বলে জানা যায়। সে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেখাতে পারেনি। পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা রুজু করেছে। ধৃত যুবক অসম থেকে এই রাজ্যে আগ্নেয়াস্ত্র সরবরাহ করত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।






