দুঃসাহসিক এমন চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে। সেখানে জয় শংকর বাবার শান্তি আশ্রমে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। শতাব্দী প্রাচীন ওই আশ্রমে এমন চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন আশ্রমের মহারাজ সচ্চিদানন্দ ব্রহ্মচারী পুরী।
advertisement
জানা যাচ্ছে, ওই আশ্রমের গোপাল মন্দিরের ঘরে প্রত্যেকদিন ঘুমান ভক্ত বিশ্বনাথ দাস। তিনি আজ বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তালা ভাঙা এবং গোপালের আসন থেকে গোপালের মূর্তি-সহ স্বর্ণালংকার উধাও। এরপরেই তিনি অন্যান্যদের বিষয়টি বলেন এবং এলাকায় শোরগোল পড়ে যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ এবং তারা তদন্ত শুরু করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আশ্রম কর্তৃপক্ষদের তরফ থেকে জানা গিয়েছে, আনুমানিক ৫০ বছর আগে নবদ্বীপ থেকে গোপালের ওই অষ্টধাতুর মূর্তিটি আনা হয়েছিল। এত বছরের পুরাতন ওই মূর্তি এইভাবে চুরি হয়ে যাবে তা তাদের কাছে কল্পনাতীত। স্বাভাবিকভাবেই এমন চুরির ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কিত। এই চুরির ঘটনার যাতে সঠিক তদন্ত হয় এবং চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হয় সেই আবেদনই পুলিশের কাছে জানানো হয়েছে।
