সোমবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি থানার পালেরবাঁধ মোড়ের কাছে ঘটনাটি ঘটে। মৃতের নাম শ্রীরাম ঢাং, বয়স আনুমানিক ৩৮ বছর। মেজিয়া থানার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা তিনি।
আরও পড়ুনঃ ইঁদুর তাড়ানোর ফাঁদ কেড়ে নিল কৃষকের প্রাণ! চাষের জমি থেকে উদ্ধার নিথর দেহ, কুলতলির গ্রামে শোকের ছায়া
advertisement
এই ঘটনার পরেই বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার, পরিজন সহ স্থানীয়রা। যান নিয়ন্ত্রণের দাবি তুলে পথ অবরোধ শুরু করেন তাঁরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অবরোধকারীরা।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে দুর্লভপুরের একটি বেসরকারি কারখানা থেকে নাইট শিফটের কাজ সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শ্রীরাম। বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি থানার পালেরবাঁধ মোড়ের কাছে একটি অজানা গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি থানার পালেরবাঁধ মোড়ের কাছে যান নিয়ন্ত্রণের দাবি তুলে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন মৃতের পরিবার সহ স্থানীয়রা।
