আলিপুরদুয়ার, অনন্যা দে: ভোটের মুখে হঠাৎ করে পুলিশের নাকা চেকিং আলিপুরদুয়ার শহরে।আলিপুরদুয়ারে অসম নম্বরের গাড়ি থেকে লক্ষাধিক নগদ টাকা উদ্ধার হল।চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। তারই মাঝে আলিপুরদুয়ার শহরে অসম নম্বরের একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মোট ২ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার হয়েছে অভিযুক্তদের কাছ থেকে।
গাড়িতে নগদ টাকা
advertisement
আলিপুরদুয়ার পুলিশ সূত্রে জানা যায়, আলিপুরদুয়ার শহরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় অসমের চিরাং জেলার এক দম্পতিকে আটক করা হয়। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে প্রায় ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আরও তল্লাশি চালিয়ে গাড়ির ছাদের লুকোনো বাক্স থেকে অতিরিক্ত ২ লক্ষ নগদ টাকা পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দম্পতি নিজেদের ব্যবসায়ী বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, তারা গতকাল অসমের চিরাং থেকে আলিপুরদুয়ারে ঘুরতে এসেছিলেন এবং ফেরার পথে পুলিশ সন্দেহবশত তাদের আটক করে। এত টাকা তাঁদের কাছে কীভাবে এল তা তাঁরা বুঝতে পারছেন না।
নির্বাচনী আবহে এত পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। টাকা বহনের বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।