এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের চারটি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদহ জেলার স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার চারটি করে এবং মালদহ জেলার ছয়টি স্কুল মিলিয়ে মোট ১৮টি স্কুলের ছাত্রছাত্রীরা মাঠে নামে।
অনূর্ধ্ব-১৬ বিভাগে ছেলে ও মেয়েদের পৃথক ম্যাচ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর মালদহে এমন হকি প্রতিযোগিতা হওয়ায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে আগামী দিনে মালদহ থেকেই জাতীয় স্তরের হকি খেলোয়াড় উঠে আসবে।
advertisement
মালদহ হকি সাব-কমিটির সদস্য দিলীপ কুমার দাস জানান, “অ্যাথলেটিক্স, বক্সিং, ভলিবল, কাবাডি কিংবা খো-খো খেলায় জেলায় বহু খেলোয়াড় জাতীয় স্তরে সুযোগ পেয়েছে। কিন্তু হকি খেলায় সেই সুযোগ তেমনভাবে তৈরি হয়নি। তাই স্কুল স্তর থেকেই প্রতিভা খুঁজে বের করে ভবিষ্যতের জাতীয় খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী দিনে আরও বড় টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।”
এ বিষয়ে মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, “দীর্ঘদিন পর আবার জেলায় হকি খেলায় আগ্রহ বাড়তে শুরু করেছে। অতীতে মালদহে অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। হকি খেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে জেলা ক্রীড়া সংস্থা সব রকম সহযোগিতা করছে।
আরও পড়ুন- আইপিএলের প্রথম ম্যাচেই হাইভোল্টেজ ফাইট! যা দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমিরা
ভবিষ্যতে এখান থেকেই জাতীয় স্তরের খেলোয়াড় উঠে আসুক, সেটাই আমাদের লক্ষ্য।” জেলায় হকি খেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মালদহ জেলা ক্রীড়া সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়ামহলের মানুষ। তাদের মতে, নিয়মিত এমন প্রতিযোগিতা হলে মালদহে আবারও হকি খেলার নতুন জোয়ার আসবে।





