কলকাতা : এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হার কেকেআরের। প্রথম ম্যাচে মুম্বই, এবার ইডেনে সানরাইজার্সের কাছে হার নাইটদের।
৬৫ রানে ম্যাচ জিতল সানরাইজার্স। প্রথমে ব্যাট করে তারা করেছিল ২২৬ রান। নাইটদের ইনিংস শেষ হয়ে যায় ১৬১ রানে।
একসময় তাঁকে বলা হত ‘মিস্ট্রি স্পিনার’। এখন তিনিই কেকেআরের বোঝা! প্রতিটা ম্যাচে তাঁকেই টার্গেট করছে প্রতিপক্ষ দলের ব্যাটাররা। তিনি কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। টি-২০ বিশ্বকাপের সময় থেকেই তাঁর অফ ফর্ম চলছে। আইপিএলে নামার পরও সেই অফ ফর্মের গেরো কাটছে না।
বরুণ চক্রবর্তীর ভেলকি আগে সহজে ধরতে পারতেন না ব্যাটাররা। তবে এখন তাঁকে পড়ে ফেলেছেন অনেকে। তাঁর বোলিং ভ্যারিয়েশন, অ্যাকশন, সবই যেন ধরে ফেলেছেন ব্যাটাররা। তাঁর বিরুদ্ধে কীভাবে খেলতে হবে, তা আগেভাগেই পরিকল্পনা করে নামছে বিপক্ষ দলের ব্যাটাররা।
মিডল ওভারে সব থেকে বেশি নিষ্ক্রিয় বলে প্রমাণিত হচ্ছেন বরুণ। উইকেট তোলার থেকে রান বাঁচানোই কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাঁর পক্ষে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়েছেন তিনি।
টি-২০ বিশ্বকাপে ১৪টি উইকেট পেয়েছিলেন তিনি। ইকোনমি ছিল ৯.২৪। উইকেট পেলেও দেদার রান বিলিয়িছিলেন। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৭ রান দেন তিনি। ভারতীয় দলের জার্সিতে বরুণের শুরুটা ছিল দুর্দান্ত। তবে এখন তাঁর ফর্ম একেবারে তলানিতে। ফলে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরের উপরও চাপ বাড়ছে।
আরও পড়ুন- ১৪০ কেজি ওজনের আনফিট ক্রিকেটার! আইপিএল কাঁপিয়েছিলেন, এখন কোথায়?
কেকেআর ক্যাপ্টেন ও ম্যানেজমেন্ট অবশ্য তাঁর উপর এখনই ভরসা হারাচ্ছে না। অধিনায়ক অজিঙ্ক রাহানে গুরুত্বপূর্ণ সময়ে বল তুলে দিচ্ছেন বরুণের হাতে। হেডকোচ নায়ার বলছেন, বরুণ মানসিকভাবে দৃঢ়। এমন একটা সময় যে কোনও ক্রিকেটারের জীবনে আসে। তবে বরুণ আবার ফিরবেন নিজের ছন্দে। কঠিন চ্যালেঞ্জই বরুণকে আরও শক্তিশালী করে তুলবে।
একসময়ের ‘ম্যাচ উইনার’ এখন ফর্ম ফিরে পেতে লড়ছেন। কেকেআর বোলিং ইউনিটের অন্যতম ভরসা বরুণ। তিনিই যদি অফ ফর্মে থাকেন তা হলে নাইটদের চাপ আরও বাড়তে পারে।
