গত বছরের নভেম্বরেই এনডিএ জোটের বিপুল জয়ের পরে দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছিলেন নীতীশ কুমার৷ তার মাস চারেক পরেই এল তাঁর রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা৷ এদিন নীতীশ কুমারের পাশাপাশি, বিজেপির বর্তমান সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীনও বিহারের অন্যতম রাজনীতিক হিসাবে রাজ্যসভার প্রার্থিপদে মনোনয়ন দাখিল করেন এদিন৷
আরও পড়ুন: রাজ্যসভাতেই যাচ্ছেন নীতীশ কুমার! ঘোষণা করে দিলেন নিজেই, জানালেন, ‘অনেক দিনের ইচ্ছে…’
advertisement
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয় নীতীশের৷ দু’জনেই হাসিমুখে আলিঙ্গন করেন পরস্পরকে৷
অন্যদিকে, নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছাড়লে যাঁর নাম সবার আগে সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসছে, সেই সম্রাট চৌধুরিও এদিন উপস্থিত ছিলেন৷
এদিন সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নীতীশ ঘোষণা করেন তিনি রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন৷ লেখেন, ‘সংসদীয় জীবনের শুরু থেকেই আমার ইচ্ছে ছিল বিহার বিধানসভার দুই কক্ষ এবং পার্লামেন্টের দুই আইনসভার সদস্য হওয়া৷ সেই আকাঙ্ক্ষা থেকেই এবার রাজ্যসভা নির্বাচনে অংশ নিতে চলেছি আমি’৷
এরপরেই বর্তমান বিহার সরকারের প্রতি সম্পূর্ণ সহযোগিতা ও সমর্থনের প্রসঙ্গ তুলে তিনি জানান, বিহারে যে নতুন সরকার তৈরি হবে, তার প্রতি তিনি পূর্ণ সমর্থন জানাবেন এবং বিহার আর বিহারের মানুষের উন্নয়নে তিনি নিরলস ভাবে কাজ করে যাবেন৷
যদিও নীতীশের এই সিদ্ধান্ত ঘিরে জেডি(ইউ) কর্মীদের একাংশের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ৷ নীতীশের মুখ্যমন্ত্রিত্ব ছাড়া জল্পনার মাঝেই পটনায় জেডিইউ দফতরের বাইরে বিক্ষোভ দেখান সমর্থকেরা। নীতীশের বাসভবনের বাইরেও ভিড় করেন অনেকে৷
