আজ বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন৷ তার আগেই রাজনৈতিক মহলে তৈরি হওয়া গুঞ্জনে ইতি টেনে দৃশ্যপট স্পষ্ট করে দিলেন বিহারের ‘চাণক্য’৷ এদিন নিজের পোস্টে জেডি(ইউ) প্রধান জানান, ‘প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে আপনারা আমার উপরে নিজেদের আস্থা রেখেছেন, সমর্থন জানিয়েছেন,আর সেই ক্ষমতাতে ভর করেই আমরা বিহারের জন্য কাজ করে গিয়েছি’৷
advertisement
এরপরেই নীতীশ বলেন, ‘সংসদীয় জীবনের শুরু থেকেই আমার ইচ্ছে ছিল বিহার বিধানসভা এবং পার্লামেন্টের দুই আইনসভার সদস্য হওয়া৷ সেই আকাঙ্ক্ষা থেকেই এবার রাজ্যসভা নির্বাচনে অংশ নিতে চলেছি আমি’৷
এরপরেই বর্তমান বিহার সরকারের প্রতি সম্পূর্ণ সহযোগিতা ও সমর্থনের প্রসঙ্গ তুলে তিনি জানান, বিহারে যে নতুন সরকার তৈরি হবে, তার প্রতি তিনি পূর্ণ সমর্থন জানাবেন এবং বিহার আর বিহারের মানুষের উন্নয়নে তিনি নিরলস ভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন নীতীশ৷
নীতীশ লেখেন, ‘আমি সম্পূর্ণ সততা নিয়ে জানাতে চাই যে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক যেমন আছে, তেমনই বহাল থাকবে৷ আরও উন্নত বিহার নির্মাণে একসঙ্গে কাজ করে যাব আমরা৷ যে নতুন সরকার তৈরি হবে, তার প্রতি সহযোগিতা এবং পথপ্রদর্শন দুই করার আশ্বাস দিচ্ছি’৷
নীতীশ কুমারের পোস্ট৷
বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়া নিয়ে জল্পনা চলছিল গত কয়েকদিন ধরেই৷ গত বুধবার মধ্যরাত পর্যন্ত সঞ্জয় ঝায়ের বাড়িতে বৈঠক করেন এনডিএ জোটের নেতারা৷
নীতীশ কুমার রাজ্যসভায় যাওয়ার পর থেকেই যে প্রশ্ন সবার আগে উঠে আসছে, তা হল, এবার কে হতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী? মনে করা হচ্ছে, এবারে জেডি(ইউ)-র হাত থেকে ক্ষমতার ভরকেন্দ্র হস্তান্তরিত হতে চলেছে বিজেপি-তে৷ সম্ভবত বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীও হতে চলেছেন বিজেপির কোনও নেতাই৷ এ বিষয়ে উঠে আসছে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির নামও৷ তেমনটা হলে বিহারের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন কোনও বিজেপি কর্মী৷ বিহারই একমাত্র হিন্দিভাষী রাজ্য, যেখানে কোনও বিজেপি মুখ্যমন্ত্রী হয়নি এতদিনেও৷ জানা গিয়েছে, নতুন বিহার মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার৷ তাঁকে বিহারের উপ মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে৷
রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি সভাপতি নীতিন নবীনও মনোনয়নপত্র জমা দেবেন আজ। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
