প্রধান বিচারপতির এজলাসে ৩৭ নম্বরে ছিল মুখ্যমন্ত্রীর মামলা। কিন্তু সূত্রের খবর, ক্রমতালিকার শেষের দিকেই হবে তাঁর মামলার শুনানি। মধ্যাহ্নভোজের আগে তাঁর মামলার শুনানির সম্ভাবনা তাই কম। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০টায় মুখ্যমন্ত্রীর মামলাটি শুনানিক্রমে ৩৭ নম্বরে থাকলেও অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির কথা জানানো হয়েছিল।
কিন্তু প্রধান বিচারপতির এজলাস বসার পর নতুন শুনানিক্রমে অগ্রাধিকার তালিকায় মুখ্যমন্ত্রীর করা এসআইআর সংক্রান্ত মামলাটি নেই। এখন তালিকার শুরুর দিকের নম্বরের মামলার শুনানি চলছে। সুপ্রিম কোর্টে তালিকা ধরে ধরে মামলার শুনানি হয়। তবে কোন মামলা আগে এবং কোনটি পরে শুনানি হবে, মামলার ধরন এবং গুরুত্বের বিচারে বিচারপতিরা সেই সিদ্ধান্ত নেন। এ ক্ষেত্রে শুনানির তালিকায় মুখ্যমন্ত্রীর মামলা রয়েছে। কিন্তু কোন সময় শুনানি হবে নিশ্চিত ভাবে তা বলা হচ্ছে না।
advertisement
শীর্ষ আদালত সূত্রের দাবি, বুধবার যাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে শুনানির সময়ে মামলাকারী হিসেবে তিনি বক্তব্য রাখতে পারেন, তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই আদালতে আলাদা করে লিখিত আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মামলা দায়ের করেছেন রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সেল কুণাল মিমানির মাধ্যমে।
প্রসঙ্গত, এর আগে কোনও সিটিং মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে এসে সওয়াল করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি সওয়াল করবেন সর্বোচ্চ আদালতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী এবং দলের চেয়ারপার্সন হিসেবে তিনি সবচেয়ে ভালভাবে জানেন বর্তমান পরিস্থিতি কী এবং তিনিই আদালতকে বিষয়টি ভালভাবে তুলে ধরতে পারবেন। তিনি নিজের আইএ-তে এও বলেছেন যে তিনি সর্বোচ্চ আদালতের নিয়ম এবং ডেকোরাম সম্পর্কে অবহিত ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মূল মামলায় কমিশনের বেআইনি নির্দেশিকা প্রত্যাহার, পুরনো ভোটার তালিকা মতোই ২০২৬-এর নির্বাচন করা, যাঁদের পদবির সমস্যার কারণে শুনানিতে ডাকা হচ্ছে, তাঁদের যেন না ডেকে সুয়ো মোটো বেসিসে মিটিয়ে দেওয়া হয়।
