এই পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা ভোটের আগেই শাসক দল ডিএমকে-তে যোগ দিলেন পন্নিরসেলভম৷ চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উপস্থিতিতেই তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-তে যোগ দেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ পন্নিরসেলভম৷ একসময় এআইডিএমকে-র শীর্ষ পদে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম স্ট্যালিনের ভূয়সী প্রশংসা করে দাবি করেন, এবারেও তামিলানাড়ুতে নির্বাচনে জয়ী হবে ডিএমকে৷
advertisement
গত ২০ ফেব্রুয়ারি তামিলনাড়ুর সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন পন্নিরসেলভম৷ এর পর রাজ্য সরকারের কাজের প্রশংসাও করেন ওপিএস৷ এর পরই তাঁর এআইডিএমকে-তে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল৷
এ দিন ডিএমকে-তে যোগদানের পর পন্নিরসেলভম জানিয়েছেন, এআইডিএমকে আমার কাছে অতীত৷ এআইডিএমকে-তে তিক্ত অভিজ্ঞতা হওয়ার পরই আমি ডিএমকে-তে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি৷ এবারের ভোটেও ডিএমকে সহজেই জয় লাভ করবে৷ স্ট্যালিন আবার মুখ্যমন্ত্রী হবেন৷ কারণ ডিএমকে বিরুদ্ধে শক্ত কোনও প্রতিপক্ষই নেই৷
পন্নিরসেলভম জানিয়েছেন, স্ট্যালিন যদি চান তাহলে তিনি ফের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ ডিএমকে-তে যোগদানের আগে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন পন্নিরসেলভম৷
জয়ললিতার মৃত্যুর পর এআইডিএমকে-র হ্রাস কার হাতে থাকবে, তা নিয়েই মূলত পন্নিরসেলভম এবং পালানিস্বামীর মধ্যে সংঘাতের সূত্রপাত৷ অতীতে তিন তিনবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বসেছেন পন্নিরসেলভম৷ তামিলনাড়ুর রাজনীতিতে গত দু দশকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পন্নিরসেলভমের এই দল বদল তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলতে চলেছে৷ ফলে ভোটের আগে এআইডিএমকে-বিজেপি জোটের চিন্তা বাড়ল৷
