বুধবার বিকেল পাঁচটা নাগাদ সংসদ ভবনের ভিতরে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ সরকারের পক্ষ থেকে পরিস্থিতি ব্যাখ্যা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ বৈঠকের পৌরহিত্যও করেন তিনি৷
সূত্রের খবর, বৈঠকে বিরোধী পক্ষ সহ সব দলকেই সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, এই মুহূর্তে দেশের পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত করা রয়েছে৷ মধ্যপ্রাচ্য এবং উপকূলীয় অঞ্চলে অস্থিরতার কারণে হরমুজ প্রণালীতে সমস্যা তৈরি হলেও পর্যাপ্ত জ্বালানির জোগান যাতে বজায় থাকে, তাও সুনিশ্চিত করা হচ্ছে৷
advertisement
বিরোধী দলগুলি অবশ্য দাবি তোলে, নিছক বিবৃতি না দিয়ে লোকসভা এবং রাজ্যসভায় বিষয়টি নিয়ে আলোচনা করুক কেন্দ্রীয় সরকার৷
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও এই ভাবে সর্বদলীয় বৈঠক না ডেকে সংসদে বিতর্কে অংশ নেওয়ার জন্য কেন্দ্রে কাছে দাবি জানান৷
সূত্রের খবর, বৈঠকে বিরোধী শিবিরের অনেক নেতাই জানতে চান, যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে সেক্ষেত্রে কীভাবে সরকার জ্বালানির চাহিদার মোকাবিলা করবে৷ বাড়ি বাড়িতে রান্নার গ্যাসের সরবরাহই বা কীভাবে হবে?
জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ভারতের মোট এলপিজি চাহিদার ৬০ শতাংশই দেশে উৎপাদন হয়৷ চাহিদার বাকিটা আমদানি এবং পরিকল্পনামাফিক সরবরাহের মাধ্যমে সামাল দেওয়া হয়৷
