দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরু গ্রামীণ জেলার নেলামাঙ্গালার শ্রী সিদ্ধার্থ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টার-এ এই ঘটনা ঘটেছে৷ অভিযুক্ত ওই অধ্যাপকের নাম আব্দুল মহম্মদ৷
ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে, ক্লাসের ভিতরে বসে থাকা ১৯ বছর বয়সি ওই ছাত্রীর দিকে এগিয়ে যাচ্ছেন ওই অধ্যাপক৷ এর পরেই তিনি ওই ছাত্রীকে প্রেম নিবেদন করেন৷ ওই অধ্যাপক দাবি করেন, এর আগে ওই ছাত্রীই তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন৷ তিনি সেই প্রস্তাবেই সাড়া দিচ্ছেন৷
advertisement
প্রেম নিবেদনের এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এক বাক্স ভর্তি চকোলেটও সঙ্গে করে নিয়ে আসেন ওই অধ্যাপক৷ সেই চকোলেট পড়ুয়াদের মধ্যে বিতরণও করতে বলেন তিনি৷
যদিও অধ্যাপকের এই কীর্তির কড়া প্রতিবাদ জানান ওই ছাত্রী৷ পাল্টা ওই ছাত্রী অধ্যাপকের জানতে চান, কবে তিনি তাঁকে ভালবাসার কথা জানিয়েছিলেন? যদিও নিজের অবস্থানেই অনড় থাকেন ওই অধ্যাপক৷ এমন কি, তিনি দাবি করেন, ওই ছাত্রী তাঁকে যখন প্রেম নিবেদন করেছিলেন, সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজও রয়েছে৷ যদিও ছাত্রছাত্রীরা সেই ফুটেজ দেখতে চাইলে তা দেখাতে পারেননি ওই অধ্যাপক৷ বরং ওই ছাত্রীকে বিষয়টি ভেবে দেখার কথা বলে এবং পড়ুয়াদের তাঁর আনা চকোলেট খেতে বলে ক্লাস থেকে বেরিয়ে যান ওই অধ্যাপক৷
অধ্যাপকের এই প্রেম নিবেদনের পর আরও একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সেখানে দেখা যাচ্ছে, ওই অধ্যাপককে জুতোপেটা করছে পড়ুয়ারা৷ যে ছাত্রীকে ওই অধ্যাপক প্রেম নিবেদন করেছিলেন, তাঁকেও চটি দিয়ে ওই অধ্যাপককে মারধর করতে দেখা যায়৷৷
পুলিশ অবশ্য জানিয়েছে, এই ঘটনায় ওই অধ্যাপক অথবা ছাত্রী, কেউই কোনও অভিযোগ দায়ের করেননি৷ ফলে আইনি কোনও পদক্ষেপও করেনি পুলিশ৷
