চিংড়িঘাটার মোড়ে মেট্রোর কাজ থমকে অনেকদিন ধরেই। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ। সেই অংশটা ঠিক চিংড়িঘাটা মোড়ে। অভিযোগ, ওই অংশে কাজের জন্য বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে।
advertisement
আদালতের নির্দেশ মেনে একাধিক বার চিংড়িঘাটা নিয়ে রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা আরভিএনএল-সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিদের সদর্থক বৈঠক হয়। কিন্তু বাস্তবে কাজের গতি সেই চিংড়িঘাটাতেই থমকে রয়েছে। কিছুদিন আগেও বৈঠক হয়। কিন্তু এখনও অবধি চিংড়িঘাটার কাজ শুরু করা গেল না।
রেলমন্ত্রী গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি জানিয়েছেন, ‘রাজ্য সরকার চিংড়িঘাটার মেট্রোর কাজে সহযোগিতা করছে না বলে মেট্রোর কাজ থমকে আছে। দেড় বছরের বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।’ অতীতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য এবং মেট্রো কর্তৃপক্ষ বৈঠক করে চিংড়িঘাটা সমস্যার সমাধান করুক। শেষ শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, জানুয়ারি মাসের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। মেট্রো রেলের দাবি সেই কাজ শুরু করাই গেল না।
