এ দিনের ঘোষিত তালিকা অনুযায়ী কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে তারকনাথ চট্টোপাধ্যায়ের। কল্যাণী আসনে লড়বেন অনুপম বিশ্বাস। দমদম উত্তরে দলের মুখ সৌরভ শিকদার। মধ্যমগ্রামে দীর্ঘদিনের কর্মী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই একাধিক এলাকায় বিক্ষোভের খবর সামনে আসে। সেই প্রেক্ষিতেই তিনটি কেন্দ্রে প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। নতুন তালিকা অনুযায়ী, বসিরহাট উত্তর থেকে কৌশিক সিদ্ধার্থকে প্রার্থী করেছে বিজেপি। বিষ্ণুপুর ও বেহালা পূর্ব কেন্দ্রে যথাক্রমে অভিজিৎ সর্দার এবং শঙ্কর সিকদারকে টিকিট দেওয়া হয়েছে।
এর আগে প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২টি, তৃতীয় দফায় ১৯টি এবং চতুর্থ দফায় ১৩টি আসনে প্রার্থী তালিকা প্রকাশের পর এ বার আরও পাঁচটি আসনে নাম ঘোষণা করা হল।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, ফল প্রকাশ ৪ মে। ইতিমধ্যেই তৃণমূল ও কংগ্রেস সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। প্রথম দফার ভোটের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে প্রার্থীরা এখন মনোনয়ন জমা দিচ্ছেন।
