শুক্রবারের পরে ফের শনিবার, প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা। শুক্রবার করে লিস্ট বেরোনোর কথা ছিল প্রথমে। তবে হাইকোর্টের সঙ্গে একাধিক বৈঠকে ডেলি বা প্রতিদিনের লিস্ট বেরোনো নিয়ে আলোচনা হয় সিইও দফতরের। গতকাল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছিল। আজ এবার তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে দেখা যাবে সেই তালিকা।
advertisement
কমিশনের তরফে জানা গিয়েছে, এখন থেকে আর শুধুমাত্র শুক্রবার নয়। যে কোনও দিন বেরোতে পারে এই লিস্ট। কাজের পরিধি মেপে প্রকাশ করা হবে পরবর্তী লিস্ট, ঠিক যেমনটা গতকাল দ্বিতীয় লিস্টের পর আজ তৃতীয় লিস্ট বের করা হল।
প্রসঙ্গত, শুক্রবার প্রকাশিত হয়েছিল দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। গত ২৩ মার্চ ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছিল। কমিশন সূত্রে জানানো হয়েছিল, সেই তালিকায় প্রায় ২৭ লক্ষের কাছাকাছি বিবেচনাধীন ভোটারদের নাম প্রকাশ করা হয়েছিল। গত কাল, অর্থাৎ শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়। যদিও কত জনের নাম বাদ পড়েছে তা এখনই বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, যাঁদের নাম বাদ যাবে তাঁদের বিষয়ে সমাধানের জন্য আগেই ১৯ বিচারপতিকে নিয়ে একটি ট্রাইব্যুনাল তৈরি হলেও তা কীভাবে কাজ করবে, কোথা থেকে কাজ করবে তা এখনও নিশ্চিত করেনি কমিশন। তবে কমিশন সূত্রে খবর, শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। এখনও বাকি প্রায় ২৩ লক্ষ।
জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রায় ১২ লক্ষ বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ সোমবার ও শুক্রবার মিলিয়ে প্রায় ২২ লক্ষ বিচারাধীনে থাকা ভোটারদের তালিকা প্রকাশ হল বলেই কমিশন সূত্রে খবর। এদিনের তালিকায় এখনও পর্যন্ত বুথভিত্তিক ৩৫ থেকে ৪০ শতাংশ নাম ‘ডিলিট’ হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ অভিযোগের নিস্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা।
