দুই প্রার্থীর উপস্থিতিতেই কার্যত মুখোমুখি অবস্থান করছেন বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা৷ তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে শোনা যায় বিজেপি প্রার্থী সজল ঘোষকে৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ৷ ঘটনাস্থলে পাঠানো র্যাফ৷
বিজেপি-র প্রার্থী সজল ঘোষের অভিযোগ, তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে লাগানো হোর্ডিং খুলে সেখানে নিজেদের হোর্ডিং লাগিয়ে দেয় তৃণূল৷ খুলে নেওয়া হয় বিজেপি-র পতাকাও৷ এর প্রতিবাদ করতেই গন্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ বিজেপি প্রার্থীর৷
advertisement
সজল ঘোষ বলেন, ‘আমার নির্বাচনী কার্যালয়ে আমাদের হোর্ডিং এখানে ছিল৷ আজকে সেটা খুলে তৃণমূল নিজেদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে৷ তার ফলে যা হওয়ার হবে৷ আমার নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে সব পতাকা খুলে নিয়ে চলে গিয়েছে৷ কাউকে মারা হয়নি৷ মিথ্যে কথা বাংলার মানুষ ধরে ফেলেছে৷ মানুষ যদি বিদ্রোহ করে তখন আমাদেরও কিছু করার থাকবে না৷’
পাল্টা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘বহিরাগতদের এনে হকি স্টিক দিয়ে আমাদের কর্মী সমর্থকদের মেরেছে৷ প্রতিবন্ধী, বয়স্ক কর্মীদের মারা হয়েছে৷ মহিলা কর্মীদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে৷ শান্ত বরানগরকে বিজেপি অশান্ত করার চেষ্টা করছে৷ এটা বরানগরে চলবে না৷ এই নোংরামির জবাব বরানগরের মানুষ দেবে৷’
বিজেপি তৃণমূল গন্ডগোলের জেরে দীর্ঘক্ষণ গোপাল লাল ঠাকুর রোড অবরুদ্ধ হয়ে থাকে৷ যে হোর্ডিং লাগানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত, সেটি খুলে দেয় পুলিশ৷ দু পক্ষকেই বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে৷
