দ্বিতীয় প্রার্থী তালিকায় ১১১ জনের নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। সেই প্রার্থী তালিকায় নাম নেই পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থীর। আর বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাড়িতে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দিল বিজেপি কর্মীরা।
advertisement
বিজেপি কর্মীদের সঙ্গে নির্যাতিতার বাবা বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে তার বাড়িতে লাগালেন। স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। পাশাপাশি সিপিআইএম-কে সরাসরি আক্রমণ করলেন নির্যাতিতার মা। নির্যাতিতার মায়ের অভিযোগ, তার মেয়ের মৃত্যুর ইস্যু নিয়ে সিপিআইএম ভোটে প্রচার করছে। সেটা কোনও মতেই মেনে নিতে পারেননি নির্যাতিতার মা। তাই তিনি ভোটে বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা৷ এ দিন নিজেই সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন অভয়ার মা৷ তাঁর দাবি, তিনি নিজেই বিজেপি নেতৃত্বকে ফোন করে তাঁর এই ইচ্ছের কথা জানিয়েছেন৷ অভয়ার মায়ের দাবি, তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিজেপি-কেই তাঁরা প্রধান বিকল্প হিসেবে মনে করছেন৷
অভয়ার মা এ দিন বলেন, ‘আমিই প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছি৷ নিজেই ফোন করে বিজেপি নেতৃত্বকে ইচ্ছের কথা জানিয়েছি৷ মেয়ের বিচার চেয়ে লড়াই করাটা কঠিন হয়ে যাচ্ছে৷ মনে হচ্ছে বিরোধী দল হিসেবে বিজেপিই ক্ষমতায় আসতে পারে৷ তবে আমাদের সব দলই প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল৷ আমাদের মনে হয়েছে মেয়ের বিচার পাওয়ার জন্য বিজেপি-র সঙ্গেই থাকা ভাল৷’ তবে, এখনও পানিহাটিতে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। কিন্তু তার আগেই নির্যাতিতার বাড়িতে লেগে গেল বিজেপির পতাকা।
