কয়েকদিন আগেই রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ যদিও বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, আগামী ১৫ অগাস্ট থেকে এই ভাতার টাকা পাওয়া যাবে৷
মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, ভুলবশতই ১৫ অগাস্ট থেকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু ১ এপ্রিল থেকেই এই ভাতা পাওয়া যাবে৷ যেহেতু ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু, তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই শিবির করা হবে৷ প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে শিবির হবে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবির চলবে৷ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির চলবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু সময় কম তাই অনলাইনে নথি জমা দেওয়া যাবে না৷ শিবিরে এসেই নথি জমা দিতে হবে৷
তবে শুধু যুবসাথী নয়, এর পাশাপাশি ভূমিহীন চাষিদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে বছরে ২ হাজার টাকা করে যে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্য সরকার বাজেটে করেছে, সেই প্রকল্পের জন্যও ওই একই সময়ে প্রতিটি বিধানসভা এলাকায় ওই একই সময়ে শিবির করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
