বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিড-ডে মিল-এ পুষ্টিকর খাদ্য পরিবেশনের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৭৭ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রান্না করা খাবার খায় এমন প্রায় ৮১,১৯,৪১৫ পড়ুয়াকে এই ডিম খাওয়াতে হবে আগামী কয়েক দিনে। এ জন্য পড়ুয়া পিছু প্রায় ৮ টাকা করে বরাদ্দ হচ্ছে। এই মর্মে ইতিমধ্যেই জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে।
advertisement
কিন্তু হঠাৎ কেন এই অতিরিক্ত বরাদ্দ? শিক্ষক মহলের দাবি, গত বছর গরমের কারণে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছিল স্কুলগুলিতে। সে সময় মিড-ডে মিলের বরাদ্দ বেঁচে গিয়েছিল। অর্থবর্ষের হিসাব ঠিক রাখতেই বছর শেষে এই অতিরিক্ত বরাদ্দের নির্দেশ এসেছে বলেই মনে করা হচ্ছে।
নিয়ম অনুযায়ী সপ্তাহে একদিন করে ডিম-ভাত দেওয়া হয় মিড-ডে মিলে। নয়া নির্দেশিকার পরে আগামি কয়েক সপ্তাহ আরও দু-তিন দিন ডিম পাবে প্রত্যেক পড়ুয়ারা। কারণ যাই হোক, শিক্ষকদের অনেকেই মনে করছেন খানিকটা হলেও লাভ হবে পড়ুয়াদের। তবে সারা বছরই যে মিড-ডে মিলের জন্য বরাদ্দ বৃদ্ধি প্রয়োজন, তা-ও মনে করছেন তাঁরা।
