তবে, অভিষেকের আলাদা নজরে রয়েছে নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে তাঁরই ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল। এবার সেই নন্দীগ্রাম আসন দখল করতে মরিয়া মমতা-অভিষেক। শুধু অভিষেকই নন্দীগ্রামে তিন-তিনটি সভা করতে চলেছেন।
advertisement
নন্দীগ্রাম থেকেই পূর্ব মেদিনীপুরে প্রচার শুরু করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, নির্বাচনী আবহে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে চলতি মাসেই পূর্ব মেদিনীপুরে তিনটি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা যাচ্ছে, ২৫ মার্চ নন্দীগ্রামে একটি কর্মীসভার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। এরপর ২৭ মার্চ পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে তাঁর একটি জনসভা করার কথা রয়েছে। আর ৩০ মার্চ কাঁথি সাংগঠনিক জেলায় একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি।
নির্বাচনী রণকৌশল নির্ধারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিষেকের এই সফরকে কেন্দ্র করে জেলার তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহও দেখতে পাওয়া যাচ্ছে।
এদিকে, আগামী ২৪ মার্চ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা থেকে তাঁর জেলা প্রচার অভিযানের সূচনা হবে। একই দিনে মাটিগাড়া ও ময়নাগুড়িতেও তাঁর জনসভা করার পরিকল্পনা রয়েছে। বিরোধী প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলগুলো থেকে প্রচার শুরু করাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে রাজনৈতিক শিবির।
