এদিকে ইরানের ইয়াজদ শহরে একটি বিস্ফোরণের শব্দে সৃষ্টি হওয়া ‘আতঙ্ক ও মানসিক চাপে’ ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এই তথ্য জানিয়েছে।
ইয়াজদ প্রদেশের উপ-গভর্নর জানিয়েছেন, শহরের বাইরে একটি সামরিক অবস্থানে আমেরিকা ও ইজরায়েলের হামলার কারণে ওই বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণের শব্দে শিশুটি প্রচণ্ড ভয় পায় এবং মানসিক আঘাতে তার মৃত্যু হয়।
advertisement
এদিকে, ইজরায়েল ও আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে এই যুদ্ধ চলছে। ইজরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এই নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তাঁরা হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাইছেন, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।
