এই মার্কিন কর্মকর্তা বলেন, ‘সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি, যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও শেষ করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে।’অ্যাডমিরাল কুপার ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করেছেন। তিনি আরও বলেন, আমেরিকা সমুদ্রতল থেকে আকাশপথ এবং সাইবারস্পেস পর্যন্ত ইরানের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।
advertisement
এদিকে, ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার সমালোচনা করেছেন রাশিয়া ও চিনের বিদেশ মন্ত্রীরা। চিনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইসরায়েলকে অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এদিকে রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে, এমন কোনও প্রমাণ মস্কোর কাছে নেই।
অপরদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাজধানী রিয়াদের দক্ষিণ অংশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পৃথকভাবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ৯টি ড্রোনও প্রতিহত করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছিল, সে বিষয়ে সৌদি কর্মকর্তারা কিছু জানাননি।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে ইজরায়েলের হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক বুধবার এই কথা জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক বলেছে, ‘আরামৌন ও সাদিয়াত এলাকায় ইজরায়েলি হামলায় প্রাথমিক হিসাবে ছয়জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।’
