TRENDING:

শিয়ালদহের ফুটপাতে একা ১৫ দিন কাটিয়েছি, আমার কাছে জীবনটাই যেন সিরিয়াল: সুস্মিতা

Last Updated:

‘‘চিকিৎসকের একটা ‘ছোট্ট’ ভুলে আমি মৃত সন্তান প্রসব করি । মায়ের শরীরের সমস্ত কষ্ট সহ্য করেও, আমার কোল ছিল শূন্য ’’, একান্তে সাক্ষাৎকারে মন খুললেন সুস্মিতা রায় চক্রবর্তী ((Susmita Roy Chakraborty) ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাস্তবটা বড্ড কঠিন । পর্দার সামনে যিনি জাঁদরেল খলনায়িকা, ক্যামেরা সরলে কখনও তিনি লড়াকু এক নারী, অসহায় এক মা, দমে না যাওয়া এক অভিনেত্রী । পর্দায় কখনও ‘কৃষ্ণকলি’র পার্বতী, কখনও ‘অপরাজিতা অপু’র দিৎসা, আবার বাড়িতে সকলের আদরের ‘টুবলু’ । তিনি সুস্মিতা রায় চক্রবর্তী (Susmita Roy Chakraborty) । পরিবারের আপত্তি সত্ত্বেও হয়েও জেদ ছিল, কলকাতার বুকে নিজের রোজগারে বাড়ি-গাড়ি সব কিনবেন । আজ সেই ফ্ল্যাটে বসেই আড্ডা দিলেন News18 বাংলার প্রতিনিধি সিমলি রাহার সঙ্গে ।
advertisement

প্রশ্ন: তোমার শুরুটা কী করে হল?

উ: ছোটবেলা থেকেই অভিনয় করতাম আমি । কখনও স্কুলের নাটকে, কখনও পাড়ার ফাংশনে । গোসাবা, সুন্দরবনের মেয়ে আমি । ‘বড় হয়ে কী হতে চাই’ প্রশ্ন এলেই লিখতাম অভিনেত্রী । কিন্তু বাড়িতে সবার প্রবল আপত্তি ছিল । বাবা-মা সরকারি চাকুরিজীবী । ফলে ইন্ডাস্ট্রিতে আসার ব্যাপারে তাঁরা কখনও সম্মতি দেননি । শেষ পর্যন্ত আমি পালিয়ে কলকাতায় চলে আসি । তখন কলেজে পড়ি ।

advertisement

প্রশ্ন: গডফাদার বলতে কেউ নেই, একা একটা মেয়ে.... লড়াইটা নিশ্চয়ই খুব কঠিন ছিল?

উ: সেটা আর কী বলব? প্রত্যেকদিন একটু খাবার, মাথার উপরের ছাদের জন্যও লড়েছি আমি । শিয়ালদহের ফুটপাতে ত্রিপলের নীচে ১৫ দিন কেটেছে আমার । ওঁরা যে চাল-সব্জি-ডাল-নুন-মশলা-হলুদে ফোটানো খাবার খায়, সেটাই খেয়ে থাকতাম । সোনারপুর থেকে সল্টলেক হেঁটে অডিশনও দিতে গিয়েছি । কারণ টাকা ছিল না । বাড়িতে জানতে পেরে আমার সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল । কিন্তু একটাই জেদ ছিল । এই শহরে, এই পেশাকেই অবলম্বন করে নিজের টাকায় বাড়ি কিনব, গাড়ি কিনব । আজ সেই ফ্ল্যাটে বসেই আমি কথা বলছি (হাসি) । আর আজ আমার মা-বাবাই তাঁদের মেয়েকে নিয়ে প্রচণ্ড গর্বিত।

advertisement

প্রশ্ন: কিন্তু বারবার নেগেটিভ চরিত্রই কেন?

উ: না, আমি অনেক পজিটিভ চরিত্রও করেছি । কিন্তু কোথাও একটা গিয়ে নেগেটিভ গুলোই বেশি ক্লিক করে গিয়েছে । আর এখন তো আমি এটা বেশ এনজয় করি । লোকে গালাগালি দেয়, সেটার মানে হল আমি আমার চরিত্রগুলোর সঙ্গে জাস্টিস করি ।

advertisement

প্রশ্ন: তোমার লাইফে তো মারাত্মক লড়াইয়ের সময় গিয়েছে একটা সময়... কী করে সেটা ওভারকাম করলে?

উ: জানো তো, আমার লাইফটাও একটা সিরিয়ালের মতো । প্রত্যেক ছত্রে চমক । আমি প্রেগন্যান্ট হলাম যখন, তখন আমি ‘কৃষ্ণকলি’তে পার্বতীর চরিত্র করছি । সিরিয়ালের সেটেও সে সময় দেখানো হয় আমি অন্তঃসত্ত্বা । ডেলিভারির ১ সপ্তাহ আগে পর্যন্ত আমি শ্যুট করি । কোনও প্রবলেম ছিল না । বেবি একদম সুস্থ । কিন্তু চিকিৎসকের একটা ‘ছোট্ট’ ভুলে আমি মৃত সন্তান প্রসব করি । মায়ের শরীরের সমস্ত কষ্ট সহ্য করেও, আমার কোল ছিল শূন্য । টানা ২ মাস শুয়ে ছিলাম আমি.... হাঁটতেই ভুলে গিয়েছিলাম । ভাল করে কাঁদতেও পারতাম না সে সময় ।

advertisement

প্রশ্ন: এই কঠিন সময় কাটিয়ে, সেটে ফিরে কী করে বাচ্চা নিয়ে একজন মায়ের চরিত্রে অভিনয় করলে?

উ: আমার পরিচালক, প্রযোজককে বারবার অনুরোধ করে আমি খানিকটা জোর করেই সেটে ফিরেছিলাম । সবাই দো’টানায় ভুগছিল । সেটে পার্বতীকে এ বার কী ভাবে দেখানো হবে ? আমি বলেছিলাম, ‘দুর্ঘটনা যা ঘটেছে সুস্মিতার সঙ্গে । পার্বতীর সঙ্গে কেন অন্যরকম কিছু হবে?’ আবার আমি সেটে আসি । পেটে কাপড় বেঁধে শ্যুট শুরু হয় । হাসপাতালে ভর্তি হই । বাচ্চা হয় আমার । রিয়েল লাইফে যা যা হতে পারত আমার সঙ্গে, সবটাই রিল লাইফে হল ।

প্রশ্ন: তোমার জীবনে এতটা কঠিন সময় গিয়েছে, শ্বশুরবাড়িতে তার কোনও প্রভাব পড়েনি?

উ: দেখো, আমার শ্বশুরবাড়িতে আমি বড় বৌমা নই, বড় ছেলের মতো । আমার বর সব্যসাচী চক্রবর্তী, নিউজ অ্যাঙ্কর । দেওর, সায়ক চক্রবর্তীও টেলিজগতেই আছে । ওঁরা সবাই খুব ভাল । সংসারের খুঁটিনাটি, বাজার থেকে দোকান, ঘর গোছানো, রান্না সবই আমি পারি । এমনিতে খুব ঘরোয়া আমি । পার্টির চেয়ে ঘরের মানুষদের সঙ্গে থাকতে আমি বেশি স্বচ্ছন্দ্য । তাই বাড়ির মানুষরা আমার সমস্ত ক্রাইসিসে পাশে ছিলেন । ওঁনারা খুবই সাপোর্টিভ । বাবা-মা’ও আমাকে এখন সব সময় আগলে রাখেন ।

প্রশ্ন: ‘অপরাজিতা অপু’র পর দর্শকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছ?

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

উ: এই তো সিরিয়ালে আমাদের অন্নপূর্ণা পুজো সবে দেখানো হল । সেখানে দিৎসা পুজোর সমস্ত পায়েস নষ্ট করে দেয় । এ বার দিন কয়েক আগে আমার জন্মদিন ছিল । সেখানে আমার পায়েসের বাটির ছবি দেখে লোকে বলছে, ‘তোমার পায়েসটাও নষ্ট করে দেওয়া উচিত’ । বুঝতেই পারছো, রোজ কী কী আমাদের শুনতে হয় । তবে আমার রাগ হয় না । এ সব নিয়ে আমরা বাড়িতে হাসাহাসি করি ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শিয়ালদহের ফুটপাতে একা ১৫ দিন কাটিয়েছি, আমার কাছে জীবনটাই যেন সিরিয়াল: সুস্মিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল