মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টলিপাড়ার টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্য সাথীর আবেদন জানিয়েছিলেন দেব। সেই ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭০০০ এরও বেশি টেকনিশিয়ানদের স্বাস্থ্য সাথী বীমার আওতায় আনছেন। শনিবার সেই রেজিস্ট্রেশন স্টুডিওতে শুরু হল।
advertisement
শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে হাজির ছিলেন দেব। কিন্তু গরহাজির ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। টেকনিশিয়ানদের ভালর জন্য স্বাস্থ্য সাথী, সেখানে কেন নেই স্বরূপ বিশ্বাস? দেব তাকে মেইল করেছিলেন কিন্তু তিনি আসেননি। এদিন দেব ভার্সাস স্বরূপ বিশ্বাস দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।
দেব এদিন পরিষ্কার বলে দিলেন দাদাগিরি থেকে বেরিয়ে এসে টেকনিশিয়ানদের জন্য ভাবতে হবে। পুরনো স্বাস্থ্যবীমাকে ভাল বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন স্বরূপ বিশ্বাস। এদিন দেব পরিষ্কার জানালেন, স্বাস্থ্য সাথী একটি বিনামূল্যে সরকারের দেওয়া হেলথ ইনসুরেন্স।
প্রত্যেক টেকনিশিয়ানদের এটা পাওয়ার অধিকার রয়েছে। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাসের একাধিপত্য নিয়েও এদিন প্রকাশ্যে মুখ খুললেন দেব। নানা অভিযোগের তির ছুড়ে দিলেন স্বরূপের দিকে। টেনে আনলেন অরূপ বিশ্বাসের নামও।
শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে দেবের পাশাপাশি হাজির ছিলেন কোয়েল মল্লিক। টলিউডের টেকনিশিয়ানদের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বাস্থ্যসাথী বীমা চালুকে কোয়েল এদিন সাধুবাদ জানান। পাশাপাশি এই উদ্যোগে দেবের পাশে দাঁড়ান তিনি।
