তালসারি ও দীঘা পুলিশের যৌথ তদন্তে জানা গিয়েছে, বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ হাঁটু সমান জলে নাচের দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই সময় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র আচমকাই একটি গভীর গর্তে পড়ে যান। দ্রুত তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, শ্যুটিংয়ের জন্য কোনওরকম প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি, এমনকি স্থানীয় থানাকেও বিষয়টি জানানো হয়নি। ইতিমধ্যেই এই ঘটনায় আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে। তালসারি পুলিশ দিঘা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।
রাহুলের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা টলিউড। সোমবার সকালে বিজয়গড়ে তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন প্রসেনজিত চট্টোপাধ্যায়। শোকে বিহ্বল প্রসেনজিত কোনও কথা না বলে, হাত জোড় করে নীরবে গাড়িতে উঠে যান।
রবিবারই দুঃসংবাদ পেয়ে রাহুলের মায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছন টলিউডের একাধিক তারকা—সুদীপ্তা চক্রবর্তী, নীলাঞ্জনা শর্মা, দেবলীনা দত্ত, সৌম্য মুখোপাধ্যায়, অমিত দাস, সোহিনী সরকার, সৌরভ দাস, শোভন গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ প্রমুখ। অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা বিনোদন জগতে।
