পরণে ঘিয়ে জমি আর লাল পাড়ের জমকালো বেনারসী ৷ এক গা গয়না ৷ কপালে নিখুঁত চন্দন ৷ খোপায় জুঁইয়ের মালা ৷ আর মাথায় শোলার মুকুট ৷ এক্কেবারে কনের সাজে হাজির মনামী ঘোষ ৷ এই ছবিই এই মুহূর্তে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ৷ যা নিয়েই তৈরি হয়েছে জল্পনা ৷ তবে কি চুপিসারে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী ! এই প্রশ্নেই নেটিজেনরা ভরিয়ে তুলেছেন মনামীর ইনস্টাগ্রাম পেজ ৷
advertisement
আসুন জেনে নেওয়া যাক আসল ঘটনাটা ঠিক কী
মনামী ঘোষের সেই পোস্ট ৷
সাত পাকে বাঁধা পড়েছেন এই টলি ডিভা ৷ তবে রিয়েল লাইফে নয় ৷ রিল লাইফে ৷ আরও একবার রিল লাইফে বিয়ে সারতে চলেছেন মনামী ঘোষ ৷ আসলে ‘কালার্স বাংলা’য় দেড় ঘণ্টার একটি বিশেষ এপিসোড শ্যুট হচ্ছে ৷ যেখানে অংশ নেবেন ‘শুভদৃষ্টি’, ‘রেশম ঝাঁপি’ এবং ‘আলোয় ভুবন ভরা’ ধারাবাহিকের কলা-কুশলীরা ৷ আর এই দেড় ঘণ্টার বিশেষ এপিসোডের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মনামী ৷ যেখানে মনামীর চরিত্রটির বিয়ের অনুষ্ঠানের একটি প্লট দেখানো হবে ৷ আর সেই বিয়ে নিয়ে তৈরি হবে নানান জটিলতা ৷ যার জট কাটিয়ে মনামীর চরিত্রটিকে বের করে নিয়ে আসতে সাহায্য করবেন ওই তিন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা ৷ সম্প্রতি সেই এপিসোডের প্রোমো শ্যুট হয়ে গেল ৷ আর তার লুকই সামনে এসেছে ৷ আগামিকাল থেকেই শুরু হতে চলেছে ওই বিশেষ এপিসোডের শ্যুটিং ৷
এ প্রসঙ্গে বলতে গিয়ে মনামী বলেন, ‘‘সেই ৯৯ সাল থেকে টেলিভিশনে লিড করছি। এখনও পর্যন্ত কমপক্ষে ৮৭টা বিয়ে করেছি। আমার একঘেয়ে লাগে না। আর এর সঙ্গে ছবিও করেছি।’’
