গত ৪ ফেব্রুয়ারি বার্ধক্য জনিত সমস্যা এবং তীব্র শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান সাহিত্যিক৷ আইসিসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন শংকর৷ আজ, শুক্রবার দুপুর ১২:৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়৷
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক শংকর সাহিত্যজীবনের শুরু থেকেই পেয়েছেন সাফল্য৷ অনেক অল্প বয়সেই কলম ধরেছিলেন তিনি৷ তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে৷ ‘কত অজানারে’ দিয়েই পাঠক মহলে সাড়া ফেলে দিয়েছিলেন শংকর৷ পরে চৌরঙ্গি, সীমাবদ্ধের মতো একাধিক উপন্যাস তাঁকে বিপুল খ্যাতি এনে দেয়৷ তাঁর দু’টি উপন্যাস, ‘সীমাবদ্ধ’ এবং ‘জন-অরণ্য’ চলচ্চিত্রায়িত হয়েছে সত্যজিতের হাতে। এই দু’টি উপন্যাস এবং ‘আশা আকাঙ্ক্ষা’ নিয়ে প্রকাশিত হয় তাঁর ট্রিলজি, স্বর্গ মর্ত পাতাল৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণি শঙ্কর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। ‘চৌরঙ্গী’ থেকে ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ’ থেকে ‘জনঅরণ্য’—তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তাঁর সুগভীর গবেষণা ও গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।’’
বইয়ের মতোই সাড়া ফেলে দেয় চৌরঙ্গি থেকে নির্মিত সত্যজিতের ছবিও৷ স্যাটা বোসের চরিত্রে উত্তম কুমারের অভিনয় আজও নাড়া দেয়৷ দীর্ঘ সাহিত্য জীবনে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি৷ ‘একা একা একাশি’ (Eka Eka Ekashi) স্মৃতিকথার জন্য পান সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার৷ বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য পেয়েছিলেন বঙ্কিম পুরস্কার৷ পাশাপাশি তিনি কলকাতার শেরিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন৷ মূলত কথাসাহিত্য এবং জীবনমুখী লেখার জন্য পাঠকদের কাছে তিনি জনপ্রিয়৷
