জঙ্গলমহল কেশিয়াড়ি ব্লকের দুধেবুধে এলাকার বাসিন্দা কৃষক প্রফুল্ল সিং নিজের জমিতে ধান চাষের পরিবর্তে সূর্যমুখী ফুলের চাষ করে সাফল্যের মুখ দেখেছেন। প্রায় ৩২ ডেসিমেল জমিতে তিনি এই সূর্যমুখী চাষ শুরু করেন। গত বছরের ডিসেম্বর মাসে তিনি এই ফুলের বীজ বপন করেন। মাত্র চার মাসের মধ্যেই সেই চাষ থেকে ফলন পাওয়ার আশা করছেন তিনি। কৃষক প্রফুল্ল সিং জানান, সূর্যমুখী চাষে খুব বেশি জল বা পরিচর্যার প্রয়োজন হয় না। অল্প খরচ এবং সামান্য যত্নেই ভাল ফলন পাওয়া সম্ভব। ফলে ধান চাষের তুলনায় এতে লাভের পরিমাণও অনেক বেশি। তাঁর হিসাব অনুযায়ী, মাত্র চার মাসের মরশুমেই প্রায় ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে।
advertisement
আরও পড়ুন: ৩ মিনিটেই খেল খতম! তেড়ে তেড়ে মরবে পোকামাকড়, আধুনিক যন্ত্রের ‘ম্যাজিক’ দেখে হাসি ফুটল চাষিদের মুখে
আগে এই জমিতে ধান চাষ করলেও তেমন লাভ হত না। এক ফসলি জমিতে সংসার চালানই ছিল কঠিন। কিন্তু এখন সূর্যমুখী চাষের মাধ্যমে নতুন করে রোজগারের আশা দেখছেন তিনি। একই সঙ্গে এলাকার অন্যান্য কৃষকরাও এই নতুন চাষ পদ্ধতি দেখে উৎসাহিত হচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের মতে, জঙ্গলমহলের মতো অনুর্বর এলাকায় যদি বিকল্প ফসলের চাষ বাড়ান যায়, তাহলে কৃষকদের আয় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। সূর্যমুখী ফুল শুধু সৌন্দর্যই বাড়ায় না, এর বীজ থেকেও তেল উৎপাদন করা হয়, যার বাজারে চাহিদা যথেষ্ট। কৃষক প্রফুল্ল সিংয়ের এই উদ্যোগ জঙ্গলমহলের কৃষকদের কাছে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। ধানের পরিবর্তে বিকল্প চাষ করে যে ভাল আয় সম্ভব, সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছে তাঁর এই সাফল্যের গল্প।





