আরেকবার সেই নস্টালজিয়া উসকে দিলেন রুদ্রনীল ঘোষ। শেয়ার করলেন, ছবিতে রাহুল-প্রিয়াঙ্কার বিয়ের সেই ছবি।
একজন অনামী পরিচালক, দুজন অনামী নায়ক-নায়িকা, তবুও ব্লকব্লাস্টার। ঠিক কী ছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এ? প্রশ্নের একটাই উত্তর বাঙালির আবেগ ছিল। দুটো ছেলেমেয়ের প্রেম ছিল। আর ছিল সাবলীল অভিনয়। মেকানিক রাহুলের সঙ্গে মিলেমিশে গিয়েছিল প্রতিটি মফস্বলে থাকা ছেলের জীবন, যাঁদের ভালবাসার ইচ্ছে থাকলেও উপায় নেই।
advertisement
রবিবার তালসারিতে একটি ধারাবাহিকের শ্যুটিংয়ের সময় জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে জানা যায়, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীর্ঘসময় জলের নীচেই ছিলেন রাহুল। তমলুক হাসপাতাল সূত্রে খবর,ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। ফুসফুসের ভিতর অত্যাধিক পরিমাণে বালি ও নোনা জল মেলে। রিপোর্টে উল্লেখ, অল্প সময় জলে ডুবে থাকলে এমন হয় না। কম করে এক ঘণ্টারও বেশি সময় জলের নীচে ছিলেন বলে ধারণা। রিপোর্টে উল্লেখ, বেশি পরিমাণ বালি ঢুকে যাওয়ায় মৃত্যু। খাদ্যনালির মধ্যেও বালি, নোনা জল মেলে।
সোমবার বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের৷ ছেলে সহজকে সঙ্গে নিয়ে আসেন স্ত্রী প্রিয়াঙ্কা। শ্মশানে উপস্থিত ছিলেন সায়নী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চন্দন সেন ৷ কেওড়াতলা মহাশ্মশানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, চূর্ণী গঙ্গোপাধ্যায়৷
