মঙ্গলবারের এসআইআর মামলার শুনানি শেষে নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিবেচনাধীন মামলাগুলিতে যাঁদের নাম বাদ যাবে, তাঁদের কথা শুনতে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হবে৷ এছাড়া, ১০ লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কলকাতা হাইকোর্ট৷ পাশাপাশি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মঙ্গলবার জানিয়েছেন, ভোটের আগের দিনও নাম চূড়ান্ত হলে, পরের দিন ভোট দিতে পারবেন সেই ব্যক্তি৷ ভোট প্রক্রিয়ার মধ্যেও চলবে প্রক্রিয়া৷
advertisement
সুপ্রিম কোর্টে এদিনের নির্দেশকে সাধারণ মানুষের জয় বলে উল্লেখ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, ‘‘ধর্না দিয়েছিলাম যাতে ভোটাধিকার মানুষ ফিরে পায়। সুপ্রিম কোর্টের আদেশ উল্টোপাল্টা বলে ভুল বোঝাচ্ছিল। এতক্ষণ আইনজীবীদের সাথে কথা বলছিলাম। ভোট ঘোষণা হলেও, নাম ঘোষণা হবে। ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ থাকবে। এটা আমাদের জয়। এটা মানুষের জয়। ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা হলেও। খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে। আমাদের নজর থাকবে।’’
তৃণমূলনেত্রীর কথায়, ‘‘মানুষের আস্থা, ভরসা যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে আমাদের নজর থাকবে। ক্যাম্প করে করে মানুষকে আমাদের দল সাহায্য করেছে। বিজেপির কথায় এত নাম বিবেচনাধীন করে রেখেছিল। রোজ রোজ অ্যাপ বদল করেছে। মিসলিড করেছে। আদালত আজ ভৎর্সনা করেছে।’’
মমতা বলেন, ‘‘বুথে মানুষকে নিয়ে যেতে হবে। যাতে তারা আবেদন করতে পারে। ভোটের কাজ আর এই কাজ একসাথে চলবে। মিটিং মিছিল হবে, নাম তোলা হবে। এর পরে অন্যায় হলে সুপ্রিম কোর্ট তাদের কাছে যেতে বলেছে।’’
সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল নির্দেশ নিয়েও সন্তুষ্ট মমতা, ‘‘৫৮ লাখের মধ্যে যাদের নাম বাদ গেছে তারাও ট্র্যাইব্যুনালে যেতে পারবেন। মন শক্তিশালী করুন। আত্মহত্যা নয়। আমরা তো আছি। বাংলার মানুষ পাশে আছে। অন্য দলের কর্মী হলেও সাহায্য করব।বাংলার জয়, তৃণমূলের জয় হবে। কেউ রুখতে পারবেন না।’’
