প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের হাত ধরে ছাত্র রাজনীতিতে আত্মপ্রকাশ লিপিকা বর্মন ঘোষের। এর পর ধাপে ধাপে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পরে সভাপতি এবং পরবর্তীতে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সভাধিপতির দায়িত্ব সামলান তিনি। রাজনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করার পর এবার প্রথমবারের মত বিধানসভা নির্বাচনের ময়দানে নামলেন তিনি।
advertisement
ইতিমধ্যেই, শহর থেকে গ্রাম সব জায়গায় সংগঠনকে চাঙা করতে প্রচারে নেমেছেন তৃণমূলের এই মহিলা প্রার্থী। এদিন পুরাতন মালদহ পৌরসভা এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। লিপিকা বর্মন ঘোষ জানান, “পঞ্চায়েত স্তর থেকে জেলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক উন্নয়নমূলক কাজ করেছি। বিগত দিনে বিধায়ক এই এলাকায় কোন উন্নয়নমূলক কাজ করতে পারেনি। তাই এই এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করতে চাই।”
অন্য দিকে, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়াইয়ে রয়েছেন বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা। বামফ্রন্টের তরফে সিপিআই প্রার্থী করা হয়েছে দীপক বর্মনকে। যদিও এখনও পর্যন্ত কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেনি। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে জোরকদমে প্রচার শুরু করেছে। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা বলেন, “মালদহের এই এলাকা মূলত কৃষিনির্ভর, অথচ রাজ্য সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তাই উন্নয়নের স্বার্থে পরিবর্তন প্রয়োজন বলে দাবি তাঁর।”
সব মিলিয়ে, পুরনো বনাম নতুন মুখকে সামনে রেখে মালদহ বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই জমে উঠেছে। এখন দেখার, শেষ পর্যন্ত তফসিলি এই আসনে কার ঝুলিতে যায় জয়ের হাসি।