রবিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকাতে জায়গা পেয়েছেন পরিচিত মুখেরাই। লোকসভার বিতর্ক পিছনে ফেলে পুরোনো তালুকেই ফেরানো হল দিলীপ ঘোষকে। ২৬-এর নির্বাচনে খড়গপুর (সদর) আসনে প্রার্থী হচ্ছেন এই বিজেপি নেতা। শিবপুরের প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বরাহনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আসানসোল দক্ষিণ আসনে গেরুয়া শিবির আস্থা রেখেছে ২১-এর জয়ী অগ্নিমিত্রা পলের উপরেই। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। তবে ১৪৪ জনের প্রার্থী তালিকায় নাম নেই খড়গপুর সদরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। বিজেপির অন্যতম পরিচিত মুখ, শাহের দফতরে প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও নাম দেখা গেল না প্রথম দফার প্রার্থী তালিকায়।
advertisement
