যদিও এ দিন কমিশনের সঙ্গে সাক্ষাতে যাওয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের পক্ষ থেকে ভোটের দফা নিয়ে কোনও দাবি জানানো হয়নি৷ ফলে রাজ্যের শাসক দল কত দফায় বাংলায় ভোট চায়, সেই প্রশ্নের উত্তর মেলেনি৷
সোমবার সন্ধ্যায় ধর্মতলার ধর্না মঞ্চ থেকে অবশ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ভোট যত দফাতেই হোক না কেন তাতে তৃণমূলের কোনও আপত্তি নেই৷ কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, বাম বলছে দুই দফায়, বিজেপি বলছে এক দফায় ভোট করতে হবে। আমরা বলছি যত দফায় খুশি ভোট করুন। আপনার রফাদফা তো আমরা করব।
advertisement
ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এ দিনও নির্বাচন কমিশন এবং বিজেপি-কে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি-র পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে অভিষেক বলেন, রথ যাত্রা, পরিবর্তন যাত্রা, কত নাম। এর চেয়ে রাস্তায় কেউ যদি জামা আর প্যান্ট উল্টো পরে বেরোয়, গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটলে তা দেখার জন্য এর থেক বেশি লোক হয়। আসলে এসআইআর হয়েছে আপনাদের সভায়৷
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও এ দিন প্রশ্ন তুলেছেন অভিষেক৷ তৃণমূলের শীর্ষ নেতা বলেন, বিভিন্ন ভাবে সরকারি অফিসদের ধমকাচ্ছে। বলছে বিজেপি অভিযোগ করলেই গ্রেফতার করতে হবে। না করলে অন্য রাজ্য থেকে পুলিশ এনে ব্যবস্থা নেব। করুন দেখি কত ক্ষমতা। বিচারাধীন করে ৬০ লক্ষ ৬০ হাজার ব্যক্তিকে রাখা হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম ইনি নিরপেক্ষ নন। বিজেপির সহযোগী। কলকাতায় ছোট বড় হোটেল আছে ৫০০০। সব মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের। বিজেপির শীর্ষ নেতারা যেখানে ওঠেন। সেই একই ঘর একই হোটেলে জ্ঞানেশ কুমার উঠেছেন। এই হোটেলে যে ঘরে অমিত শাহ থাকেন সেই একই ঘরে রয়েছেন জ্ঞানেশ কুমার৷
