বিজয়ী দলটির নাম ‘নমোফ্যানস’। দলের সদস্যরা হলেন আইআইটি খড়গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্র অনিমেষ রাজ এবং দেবাংশ গুপ্ত। তাঁদের উদ্ভাবিত প্রকল্পের নাম ‘অ্যাগ্রোওয়াইজ— ফিজিক্যাল প্রিসিশন এগ্রিকালচার ফর এভরি ইন্ডিয়ান ফার্মার’। মূলত দেশের সাধারণ ও প্রান্তিক কৃষকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বিশেষ প্রযুক্তি। কৃত্রিম মেধা (AI) এবং ইন্টারনেট অফ থিংস (IoT)-কে কাজে লাগিয়ে তাঁরা এমন এক ডিজিটাল ব্যবস্থা তৈরি করেছেন, যার মাধ্যমে কৃষিকাজে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। এই প্রকল্পের বিশেষত্ব হল এর সহজলভ্যতা। বিশেষ করে এই প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে ভয়েস-বেসড সার্ভিস বা কণ্ঠস্বরের মাধ্যমে নির্দেশ দেওয়ার ক্ষমতা।
advertisement
আরও পড়ুনঃ মাসে ৫৮ হাজার টাকা বেতন! কলকাতা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসোসিয়েট পদে বড় সুযোগ
এর ফলে যেসব কৃষকের প্রযুক্তিগত জ্ঞান সীমিত বা ডিজিটাল দুনিয়ায় যাঁরা খুব একটা স্বচ্ছন্দ নন, তাঁরাও খুব সহজে চাষবাস সংক্রান্ত তথ্যের হদিশ পাবেন। মাটির গুণমান পরীক্ষা থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস— সবটাই হাতের মুঠোয় চলে আসবে এই প্রযুক্তির মাধ্যমে।
নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের ১৪টি রাজ্য থেকে প্রায় ১০০টি দল অংশ নিয়েছিল। সবাইকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতেছে খড়গপুরের এই দুই প্রতিযোগী। পুরস্কার হিসেবে তাঁদের হাতে ট্রফির পাশাপাশি নগদ ৫০ হাজার টাকাও তুলে দেওয়া হয়েছে।
আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের সাধারণ মানুষের উন্নয়ন কীভাবে সম্ভব, অনিমেষ ও দেবাংশর এই সাফল্য তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের এই কৃতিত্বে গর্বিত আইআইটি কর্তৃপক্ষ।






