এতদিন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও আরও কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে লালারসের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ চলছিল। কিন্তু, বর্তমানে অধিকাংশ অস্থায়ী পরীক্ষাকেন্দ্র কার্যত বন্ধ। শনিবার মালদহ শহরের বাঁধ রোড এলাকায় একটি অস্থায়ী পরীক্ষাকেন্দ্রে ভোর ছটা থেকে লালারসের নমুনা পরীক্ষা করানোর জন্য লাইনে দাঁড়ান শতাধিক মানুষ। কিন্ত, নোটিশ ঝুলিয়ে জানিয়ে দেওয়া হয় যে ওই পরীক্ষা কেন্দ্র আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বাধ্য হয়ে সন্দেহজনক করোনা রোগীরা প্রায় সকলেই নমুনা পরীক্ষার জন্য করছেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
প্রতিদিনই হাজার হাজার লোকের লাইন পড়ছে মালদহ মেডিক্যালে। যার ফলে এত লোকের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে গিয়ে হিমশিম অবস্থা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। আবার অসুস্থরাও নমুনা দিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে কার্যত নাজেহাল হচ্ছেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রতিদিন গড়ে দুই হাজারের কাছাকাছি নমুনা সংগ্রহ ও পরীক্ষা হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
Sebak DebSarma
