ভারতের নির্বাচনী সংস্কার ব্যবস্থায় ইতিহাস তৈরি হল৷ নির্বাচন কমিশনারই যে ভোটার তালিকা নিয়ে শেষ কথা বলবে না, সেই ধারণায় ইতি পড়ল৷ শুক্রবার বাংলার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমনই দাবি করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এসআইআর-এর বাকি নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করতে জুডিশিয়াল অফিসার অথবা জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করতে হবে৷ তাঁদের নজরদারিতেই শেষ হবে নথি যাচাই প্রক্রিয়া৷ এই কোয়াসি জুডিশিয়াল অফিসারদের নথি যাচাইয়ের কাজে সাহায্য করবেন মাইক্রো অবজারভার এবং অবজারভাররা৷



