আজ ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের সার্ভে বিল্ডিং-এ মনোনয়ন জমা দিলেন তিনি। মনোনয়ন পেশের সময় বাংলায় স্বাক্ষর করেন মমতা৷ মিছিল করে সেখানে পৌঁছন তৃণমূল সুপ্রিমো৷ সেখানে উপস্থিত ছিলেন ভবানীপুর বিধানসভার অন্তর্ভুক্ত সব কাউন্সিলররা। মুখ্যমন্ত্রীর মনোনয়ন পাশের মিছিলে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। ইতিমধ্যেই ভবানীপুরে তাঁর মনোনয়ন পেশ করেছেন প্রধান বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ নিয়ে তর্ক-বিতর্ক চলছে। খোদ অমিত শাহ এসেছিলেন তাঁর রোড শো-তে। সেখান থেকেই শাহের চ্যালেঞ্জ ছিল, ঘরের ভিতরে ঢুকে তৃণমূল সুপ্রিমোকে হারাবে বিজেপি। আজ পাল্টা কী চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন যে, "আমি এখানেই আছি, এখান থেকেই লড়ছি, সরকার আমরাই গড়ব"৷ ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে গঠিত। এই কেন্দ্রে একদিকে যেমন রয়েছে ৭২ এবং ৮২ নম্বর ওয়ার্ডের মতো বাঙালি অধ্যুষিত এলাকা, তেমনই ৬৩, ৭০, ৭১, ৭৩ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করছেন গুজরাতি, পঞ্জাবি ও মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষ। ভবানীপুরে জৈন ধর্মাবলম্বীদের উপস্থিতিও উল্লেখযোগ্য। আবার ৭৭ নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাধিক্য। তাই প্রস্তাবক হিসাবে সর্ব ধর্মের মানুষ থাকতে পারেন আজকের মনোনয়নে।



