Liquor Sale: ভোট আসছে, মদ কেনার নিয়ম জানেন তো এখন? ভুল করেও এই ভাবে মদ কিনলে-বিক্রি করলেই সর্বনাশ! সহজে বাঁচতে পারবেন না
- Reported by:Saikat Shee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Liquor Sale: ভোট প্রচারের সময় অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের নেতাদের নগদ টাকা কিংবা মদের টোপ দিয়ে সভা, মিছিলে ভিড় বাড়াতে দেখা যায়, সেই সব রুখতে আবগারি দফতর কড়া অবস্থান নিয়েছে।
advertisement
*মূলত রাজনৈতিক সভা ভরাতে ও ভোটের দিন ভোটারদের নিজেদের দিকে টানতে মদকে হাতিয়ার করে রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে প্রার্থীরা। তবে এবার বিধানসভা নির্বাচনে সেই সব অতীত। কারণ যথেষ্টভাবেই কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। আর কমিশনের নির্দেশিকার পরেই তৎপর হল পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতর। ভোটের এই উৎসবে কুপনে মদ বিক্রি করলে বড়সড় শাস্তির দাওয়াই চালু করল জেলা আবগারি দফতর। পাশাপাশি একবারে বিপুল পরিমাণ মদ বিক্রি করলেও একই শাস্তি।
advertisement
*পূর্ব মেদিনীপুর জেলার ২৯২ জন লাইসেন্সপ্রাপ্ত মদ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করে জেলা আবগারি দফতর। বৈঠকে ভোটের মুখে মদ বিক্রির উপর নজরদারি শুরু হয়েছে। দৈনিক বিক্রির তথ্য কমিশনের কাছে পাঠাতে হচ্ছে। বৈঠকে মদ ব্যবসায়ীদের জানানো হয়েছে ভোটের বাজারে কুপনে মদ বিক্রি করলে লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করা হবে। পাশাপাশি একসঙ্গে বিপুল পরিমাণ মদ বিক্রি করলেও মদ বিক্রেতাদের একই শাস্তি দেবে আবগারি দফতর।
advertisement
*প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরে ২৬ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত আবগারি দফতরের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকার মদ ও সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। ৩২ জন গ্রেফতার, ১০টি বাইক উদ্ধার হয়েছে। আবগারি দফতরের উদ্যোগে পূর্ব মেদিনীপুরে ১৬টি জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর ও ওড়িশা সীমানায় দিঘা এবং রামনগরে দু'জায়গায় নাকা চেকিং চলছে। জলপথে দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে সংযোগকারী কুকড়াহাটিতেও নাকা পয়েন্ট করে চেকিং করা হচ্ছে। মহিষাদলে জলপথে, কোলাঘাটে জাতীয় সড়কে নাকা চেকিং চলছে।
advertisement
*ভোট প্রচারের সময় অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের নেতাদের নগদ টাকা কিংবা মদের টোপ দিয়ে সভা, মিছিলে ভিড় বাড়াতে দেখা যায়। সেসব রুখতে আবগারি দফতর কড়া অবস্থান নিয়েছে। সাদা পোশাকেও নজরদারি চলছে। ধরা পড়লে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানা যায় জেলা আবগারি দফতর সূত্রে। আবগারি দফতরের সুপার মণীশ শর্মা জানিয়েছেন, "ভোটের সময় মদ বিক্রি নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত সমস্ত দোকানদারকে মিটিংয়ে এই নিয়ে সতর্ক করা হয়েছে।"
advertisement
*বিধানসভা নির্বাচনে ২৩ এপ্রিল প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলায় ভোট গ্রহণ হবে। এই ভোট গ্রহণের আগে থেকে অর্থাৎ ২১ এপ্রিল সন্ধ্যা ছ'টা থেকে জেলার সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ২৩ এপ্রিল ভোট শেষ না হওয়া অবধি জেলা জুড়ে সমস্ত মদ দোকান বন্ধ থাকবে। পাশাপাশি ভোটের ফলাফল অর্থাৎ ৪ মে ভোট গণনার দিনও জেলা জুড়ে মদের দোকান বন্ধ থাকবে। ভোটের সময় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে আবগারি দফতর।







