Digha AC Bus Service: ট্রেনের টিকিট নেই? চিন্তা নেই! এবার লাক্সারি এসি বাসে চেপেই ভোরে পৌঁছে যান দিঘা, জানুন রুট, ভাড়া ও সময়সূচি
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Digha AC Bus Service: গোবরডাঙা থেকে দিঘা পর্যন্ত সরাসরি এসি বাস পরিষেবা চালু করল মজুমদার ট্রাভেলস। রাত সাড়ে ৯টায় ছেড়ে হাবরা, অশোকনগর, দত্তপুকুর, বারাসাত হয়ে প্রায় ছয় ঘণ্টায় দিঘায় পৌঁছবে এই বাস।
তাপমাত্রা বাড়তেই উইকেন্ড বা ছুটি কাটাতে ভিড় জমছে সৈকত শহর দিঘায়। তবে এবার জেলার বাসিন্দাদের জন্য আরও একটি সুখবর। বারাসত, হাবরা ও বনগাঁর পর এবার গোবরডাঙা থেকেও শুরু হল সরাসরি দিঘাগামী এসি বাস পরিষেবা। আনুষ্ঠানিকভাবে গোবরডাঙা থেকে দিঘা পর্যন্ত এই বেসরকারি বাস পরিষেবার সূচনা হয়েছে ইতিমধ্যেই। (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
advertisement
দীর্ঘদিন ধরেই গোবরডাঙার বাসিন্দারা সরাসরি দিঘা যাওয়ার বাস পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন। দিঘা যাওয়ার ক্ষেত্রে এই এলাকার বাসিন্দাদের হাবরা অথবা বনগাঁয় যেতে হত। নতুন এই পরিষেবা চালু হওয়ায় শুধু গোবরডাঙা নয়, হাবরা, অশোকনগর, দত্তপুকুর ও বারাসাত এলাকার যাত্রীদেরও যাতায়াতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
বাস পরিষেবাটি চালু করেছে মজুমদার ট্রাভেলস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটি প্রতিদিন রাত সাড়ে ৯টায় গোবরডাঙা থেকে ছাড়বে। হাবরা, অশোকনগর, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম ও এয়ারপোর্ট ৩ নম্বর হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে ডানলপ হয়ে সরাসরি দিঘায় পৌঁছবে। পুরো যাত্রাপথ অতিক্রম করতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগবে। ভোরের দিকে বাসটি দিঘায় পৌঁছবে বলে জানানো হয়েছে।
advertisement
অন্যদিকে, দিঘা থেকে ফেরার সময় নির্ধারিত করা হয়েছে সকাল ১০টা ১০ মিনিট। এই এসি বাসে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য আধুনিক পুশব্যাক সিট, সিসিটিভি ক্যামেরা, টিভির মাধ্যমে বিনোদনের ব্যবস্থা, মোবাইল চার্জিং পয়েন্ট এবং ওয়াই-ফাই পরিষেবা রাখা হয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য জল ও স্ন্যাক্সের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছে সংস্থা।
advertisement
ভাড়া ধার্য করা হয়েছে মাথাপিছু ৩৬০ টাকা। মজুমদার ট্রাভেলসের কর্ণধার বরুণ মজুমদার জানান, দিঘামুখী যাত্রীদের চাহিদা ক্রমশ বাড়ছে। ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ায় অনেকেই এখন বাস যাত্রাকেই বেশি পছন্দ করছেন। সেই চাহিদার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে গোবরডাঙা থেকে পুরী পর্যন্ত বাস পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
advertisement
স্থানীয় যাত্রীদের মতে, এতদিন সকালে দিঘাগামী বাস থাকলেও রাতে সরাসরি বাস পরিষেবা খুব কমই ছিল। ফলে নতুন এই রাতের বাস পরিষেবা চালু হওয়ায় পর্যটকদের সুবিধা হবে। রাতে বাসে উঠে ভোরের মধ্যেই দিঘায় পৌঁছে সারাদিন সমুদ্র সৈকতে সময় কাটানোর সুযোগ মিলবে বলে মনে করছেন অনেকেই। ফলে সামনের গরমের মরসুমে জেলা বাসীদের কাছে দিঘা ভ্রমণ যেন আরও আরামদায়ক হতে চলেছে। (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)








