SIR in West Bengal: বাংলায় কত লাখ মানুষের শুনানি এখনও বাকি? তথ্য আপলোড হয়েছে কত মানুষের? SIR নিয়ে জরুরি আপডেট দিল কমিশন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
SIR in West Bengal: বুধবার সুপ্রিম কোর্টে কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজার্ভারদের নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: সুপ্রিম কোর্টে যেদিন এসআইআর মামলায় নিজে সওয়াল করে ঝড় তুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই বাংলার এসআইআর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাল নির্বাচন কমিশন। বুধবার বিকেলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, এ রাজ্যে আর ১০ থেকে ১২ লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে। শুনানিতে আসা ১ কোটি ৬ লক্ষ ভোটারের তথ্য আপলোড করা হয়ে গিয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টে কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজার্ভারদের নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে নোটিসও দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, মাইক্রো অবজার্ভারদের নিয়ে যা অবস্থান, তা জাতীয় নির্বাচন কমিশন জানাবে।
আরও পড়ুন: ৩০ বছর আগে আইনজীবীর মমতার সেই ‘রোব’ এখন কোথায় জানেন? কার কাছে রাখা? শুনে চমকে উঠছেন সকলেই
advertisement
advertisement
এদিন তৃণমূলের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায়। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিকের বাকবিতণ্ডা হয় বলে অভিযোগ ওঠে। যদিও মনোজ আগরওয়াল বলেন, ”আমি রেগে যাইনি। পার্থ ভৌমিক জোরে জোরে কথা বলছিল, রেগে গিয়েছিল। টেবিল বাজিয়ে ওরা কথা বলছিল। আমি বলেছি এগুলো কী করছেন? আমি সাড়ে চারটের সময় টাইম দিয়েছিলাম। ওরা চারটের সময় এসেছে। আমি মেজাজ কেন হারাব?”
advertisement
প্রধান বিচারপতির সামনেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মাই লর্ড, বাংলার মানুষকে রক্ষা করুন।’ এর পরেই তাঁকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি যে, ‘মৃত লোকের নাম বা রাজ্য ছেড়ে চলে যাওয়া লোকের নাম রাজ্যের ভোটার তালিকায় থাকুক, এটা নিশ্চয়ই আপনি চান না।’ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ‘প্রয়োজন হলে বাংলার SIR সময়সীমা বাড়ানো হতে পারে। এভাবে SIR পরিচালনা করা যায় না।’ সব পক্ষকে নোটিস ইস্যু করে সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার, ৯ ফেব্রুয়ারি। সে দিনও এজলাসে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2026 7:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR in West Bengal: বাংলায় কত লাখ মানুষের শুনানি এখনও বাকি? তথ্য আপলোড হয়েছে কত মানুষের? SIR নিয়ে জরুরি আপডেট দিল কমিশন











