Purulia News: টাকার অভাবে থামবে না পড়াশোনা! প্রান্তিক শিশুদের মূলধারার শিক্ষার জন্য ‘সেবা শিক্ষা নিকেতন’, শিক্ষার আলোয় ভবিষ্যৎ গড়ার উদ্যোগ
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Purulia News: এই উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করে তাঁদের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পুরুলিয়া, শান্তনু দাসঃ শিক্ষার মাধ্যমে সমাজ বদলানো সম্ভব, এই বিশ্বাসকে সামনে রেখে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের প্রায় ৩০ জন দুঃস্থ পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানবাজার ১ নম্বর ব্লকের মাকড়কেন্দী গ্রামে অবস্থিত সহজপাঠ শিশু শিক্ষা নিকেতনে ওই সংগঠনের উদ্যোগে একটি অতিরিক্ত শ্রেণিকক্ষ গড়ে তোলা হল। বিরাটি সেবা পরিবারের উদ্যোগে নতুন এই শ্রেণিকক্ষটির নামকরণ করা হয়েছে ‘সেবা শিক্ষা নিকেতন’। এখানে এলাকার দুঃস্থ ও প্রান্তিক পরিবারের পড়ুয়াদের সারা বছর সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করে তাঁদের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের শিশুরা যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে নিজেদের জীবনকে উজ্জ্বল ও স্বাবলম্বী করে তুলতে পারে, সেই মহৎ উদ্দেশ্য নিয়েই এগিয়ে এসেছেন সংগঠনের সদস্যরা।
আরও পড়ুনঃ রান্নাঘরে সিলিন্ডারের ঝামেলা শেষ! পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা, কেজি প্রতি দামটাও নামমাত্র
এই কর্মযজ্ঞ অবশ্য শুধুমাত্র পুরুলিয়াতেই সীমাবদ্ধ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে একইভাবে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিরাটি সেবা পরিবার, এমনটাই জানানো হয়েছে। এই বিষয়ে বিরাটি সেবা পরিবারের পক্ষ থেকে সোমা দাস কুন্ডু, গৌতম ঘোষ বলেন, “শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ তখনই বাড়বে যখন অভিভাবকেরা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আরও বেশি সচেতন হবেন। পুরুলিয়ার প্রত্যন্ত এই এলাকায় গিয়ে আমাদের উপলব্ধি হয়েছে এখানকার শিশুদের শিক্ষার প্রয়োজন সবচেয়ে বেশি। সেই ভাবনা থেকেই আমারা এই দুঃস্থ পড়ুয়াদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছি। তাঁদের পড়াশুনোর যাবতীয় খরচ আমরাই বহন করব।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভবিষ্যতে পুরুলিয়ার আরও প্রত্যন্ত এলাকায় এই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট সংগঠন। শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাঁদের স্বপ্নপূরণের পথে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য বলে জানান সংগঠনের সদস্যরা।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Feb 03, 2026 3:45 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: টাকার অভাবে থামবে না পড়াশোনা! প্রান্তিক শিশুদের মূলধারার শিক্ষার জন্য ‘সেবা শিক্ষা নিকেতন’, শিক্ষার আলোয় ভবিষ্যৎ গড়ার উদ্যোগ










