Onion Price Fall: ভিন রাজ্যের পেঁয়াজের কারণে মুখ থুবড়ে পড়েছে স্থানীয় পেঁয়াজ, বিপাকে নদিয়ার কৃষকেরা
- Reported by:Mainak Debnath
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Onion Price Fall: নদিয়ার আসাননগর গ্রামে পেঁয়াজের ফলম ভাল হলেও বাজারদর কমেছে, ফলে তেমন লাভ মিলছে না! বিপাকে পেঁয়াজ চাষিরা
আসাননগর, নদিয়া, মৈনাক দেবনাথ: পেঁয়াজের দামে ধস, বিপাকে নদিয়ার আসাননগরের চাষিরা। নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত আসাননগর এলাকায় পেঁয়াজের ভাল ফলন হলেও বাজারদরের ধস চাষিদের চরম দুশ্চিন্তায় ফেলেছে। চলতি বছরে অনুকূল আবহাওয়ার কারণে নাইকুড়ার বিল পাড়া, রাধানগর-সহ আশপাশের বিভিন্ন এলাকায় পেঁয়াজ চাষ বেশ ভাল হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে—কেউ এক বিঘা, কেউ দু বিঘা, আবার কেউ দশ কাটার মতো জমিতে পেঁয়াজ চাষ করেছেন।
চাষিদের মতে, প্রতি বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে গড়ে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। কিন্তু এত খরচের পরও বাজারে পেঁয়াজের দাম বর্তমানে কেজি প্রতি মাত্র ছয় থেকে আট টাকা হওয়ায় লাভ তো দূরের কথা, খরচ তোলাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে চাষিদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বাড়ছে।
এলাকার চাষিরা জানান, কৃষিকাজই তাঁদের একমাত্র জীবিকা। পেঁয়াজের উপরই অনেকাংশে তাঁদের নির্ভরতা। এমন পরিস্থিতিতে বাজারদরের পতনে সংসার চালানোই দায় হয়ে উঠছে। চাষিরা জানিয়েছেন, সরকার যদি দ্রুত হস্তক্ষেপ করে ন্যায্য মূল্য নিশ্চিত করার ব্যবস্থা করে, তবে কিছুটা স্বস্তি মিলতে পারে। স্থানীয়দের মতে, পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও ন্যায্য দাম না পাওয়া কৃষকদের জন্য বড় সংকট তৈরি করছে। তাই দ্রুত সরকারি পদক্ষেপের দাবি তুলেছেন আসাননগরের পেঁয়াজ চাষিরা।
advertisement
Location :
Nadia,West Bengal
First Published :
Apr 03, 2026 4:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Onion Price Fall: ভিন রাজ্যের পেঁয়াজের কারণে মুখ থুবড়ে পড়েছে স্থানীয় পেঁয়াজ, বিপাকে নদিয়ার কৃষকেরা









