WB Assembly Elections 2026: কামারহাটিতে 'চোখে চোখ রেখে' হাইভোল্টেজ প্রচার, মদন বনাম মানসের 'রুদ্ধশ্বাস ম্যাচ' জমে ক্ষীর
- Reported by:RUDRA NARAYAN ROY
- Published by:Rukmini Mazumder
Last Updated:
WB Assembly Elections 2026: কামারহাটিতে গরম পরিবেশ! একদিকে ময়দানে তৃণমূলের মদন মিত্র, অন্যদিকে সিপিআইএম-এর মানস মুখোপাধ্যায়! চলছে জোরদার প্রচার! কামারহাটিতে এবারের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই বাহুল্য
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক মহলের নজর উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভা কেন্দ্রে! অতীতের রাজনৈতিক সমীকরণ ও ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার আবহে এখানে জমে উঠেছে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম-এর লড়াই। মূলত সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী মদন মিত্রর মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় এলাকাবাসী। ইতিমধ্যেই প্রচারে নেমেছেন দু’পক্ষই।
প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মদন মিত্রকে পরাজিত করেছিলেন মানস মুখোপাধ্যায়। সেই হারেরই বদলা নিতে এবার ফের ময়দানে নেমেছেন মদন মিত্র। ফলে কামারহাটিতে এবারের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই বাহুল্য। নির্বাচনী প্রচারে নেমে একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন দুই প্রার্থী। মানস মুখোপাধ্যায় বলেন, ‘চোখে চোখ রেখে লড়াই কী হয়, সেটা এবার বুঝবে। তবে চোখে চোখ রেখে লড়াই মানে মস্তানদের দিয়ে ভোট করানো বা ভোট লুঠ করা নয়। কেউ যদি ভোট লুঠ করতে আসে, তা হলে তার জবাব দেওয়া হবে। ২০১৬ সালে আমি মদন মিত্রকে হারিয়েছি। তৃণমূলের মিছিলে যারা থাকবে, তারাও আমাদেরই ভোট দেবে।’
advertisement
পাল্টা উত্তরে মদন মিত্রর কটাক্ষ, ” ওঁর চোখে পাওয়ার আছে, আমার চোখে পাওয়ার নেই। এই বয়সে আর চোখে চোখ রাখবেন না। অনেক তো করেছেন। ৩৪ বছর ধরে বেলঘরিয়ায় রক্তগঙ্গা বইয়ে দিয়েছেন। এবার একটু চোখ নামিয়ে নিন, না হলে মানুষই চোখ নামিয়ে দেবে।”
advertisement
কামারহাটিতে প্রচার শুরুর পর্যায়ে প্রার্থীদের মধ্যে বাকযুদ্ধ পৌঁছেছে চরমে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতের ফলাফল ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, কামারহাটি বিধানসভা কেন্দ্র এবারের নির্বাচনে অন্যতম হাই-ভোল্টেজ আসনে পরিণত হয়েছে। এখন দেখার, ভোটের লড়াইয়ে শেষ হাসি কে হাসেন? মানস মুখোপাধ্যায় না মদন মিত্র?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 10:09 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
WB Assembly Elections 2026: কামারহাটিতে 'চোখে চোখ রেখে' হাইভোল্টেজ প্রচার, মদন বনাম মানসের 'রুদ্ধশ্বাস ম্যাচ' জমে ক্ষীর









