Cooch Behar News: নাকে আটকে বেলুনের টুকরো! দুধের শিশুকে ফেরাল মেডিক্যাল কলেজ, কোচবিহার থেকে আলিপুরদুয়ারে গিয়ে রক্ষা
- Published by:Sneha Paul
Last Updated:
Cooch Behar News: বেলুন ফেটে একরত্তির নাকে একটি অংশ ঢুকে গিয়েছিল। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ থেকে ফিরিয়ে দেওয়া ওই শিশুকে সুস্থ করলেন আলিপুরদুয়ারের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার।
কোচবিহারঃ বয়স মাত্র ২ বছর ৯ মাস। সেই শিশুর নাকে আটকে গিয়েছিল বেলুনের টুকরো। পরিবারের অভিযোগ, সেই অবস্থাতেই প্রায় ২০ ঘণ্টা দৌড়ঝাঁপ করার পর ভিনজেলায় গিয়ে মেলে সুরাহা। কোচবিহারের শিশুর নাক থেকে বেলুনের টুকরো বের করেন আলিপুরদুয়ারের যশোডাঙা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার।
জানা গিয়েছে, কোচবিহারের পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসদহ নতিবাড়ি গ্রামে বাড়ি প্রসেনজিৎ সরকারের। বুধবার বিকেলে তাঁর শিশুকন্যার নাকেই বেলুনের টুকরো ঢুকে যায়। বেলুন নিয়ে খেলার সময় সেটি ফেটে গিয়ে ঘটে বিপত্তি।
আরও পড়ুনঃ কোথাও তাজমহল, কোথাও ইন্ডিয়া গেট! দুর্গাপুজোর মতো ইদেও থিমের বাহার, জেলায় ছড়াচ্ছে সম্প্রীতি ও ঐক্যের বার্তা
এরপর তড়িঘড়ি ওই শিশুকে স্থানীয় পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে দেওয়া হয়। পরিবার জানাচ্ছে, সেখানে একরত্তির নাকের এক্স রে করার পর ডাক্তার জানান, বেলুনের টুকরো বের করা যাবে না। এরপর তাঁরা বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার সকালে মেয়েকে নিয়ে কোচবিহারের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায় পরিবার। কিন্তু সেখানেও কাজ হয়নি।
advertisement
advertisement
এরপর এক পরিচিতের পরামর্শে একরত্তিকে নিয়ে পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ারে যায় পরিবার। বৃহস্পতিবার যশোডাঙা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক ওই শিশুর নাকে আটকে থাকা বেলুনের টুকরো বের করে দেন। শিশুটি এখন সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।
ওই শিশুকন্যার বাবা বলেন, কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে প্রায় দু’ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। এরপরেও চিকিৎসা না পেয়ে ঘুরে যেতে হয়। জানানো হয়, বড় মেশিন না থাকায় ওর নাক থেকে বেলুনের অংশ বের করা সম্ভব নয়। এই ঘটনা প্রসঙ্গে, সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের এমএসভিপি সৌরদীপ রায় বলেন, এখনও এই নিয়ে লিখিত অভিযোগ পাননি। কোনও বৈধ নথি পেলে বিষয়টির তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 21, 2026 5:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: নাকে আটকে বেলুনের টুকরো! দুধের শিশুকে ফেরাল মেডিক্যাল কলেজ, কোচবিহার থেকে আলিপুরদুয়ারে গিয়ে রক্ষা







