Asit Mazumdar: তিন বারের বিধায়ক, তার পরেও টিকিট দিল না তৃণমূল! অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত
- Published by:Debamoy Ghosh
Last Updated:
মোট ৭৪ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস৷ তাঁদের মধ্যে অন্যতম চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার৷
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: টানা তিন বারের বিধায়ক। ২০১১ সালে প্রথমবার তৃণমূলের টিকিটে চুঁচুড়া থেকে প্রার্থী হয়েছিলেন৷ এর পর ২০১৬, ২০২১-এও জয় আটকায়নি৷ দলের সেই প্রবীণ বিধায়ক অসিত মজুমদারকেই এবার চুঁচুড়া থেকে টিকিট দিল না তৃণমূল কংগ্রেস৷ চুঁচুড়া থেকে প্রার্থী করা হয়েছে দলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যকে৷
ভোটে টিকিট না পেয়েই অভিমানে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক৷ দল টিকিট না দিলেও তাঁর কোনও খামতি ছিল না বলেই দাবি করেছেন অসিত৷
টিকিট না পেয়ে অভিমানী অসিত বলেন, আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সঙ্গে দল কেন কথা বলবে। আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে তিনবার আমাকে টিকিট দিল, এবার দিল না কেন? দলের কর্মীরা আমাকে ভালবাসে, তাই আমি টিকিট না পাওয়ায় ওদের মন ভেঙে গিয়েছে, এটা আবেগ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তিনবার আমায় টিকিট দিয়েছে, এখন মনে করেছে দেবাংশু ভাল হবে তাই দিয়েছে। ধন্যবাদ জানালাম দলকে।
advertisement
advertisement
দল টিকিট না দেওয়ায় রাজনীতি থেকে অবসর নিয়ে এবার নিজের পুরনো পেশায় ফিরবেন বলেও জানিয়েছেন অসিত৷ তৃণমূল বিধায়ক বলেন, এবার থেকে বই আছে, ক্লাব আছে, বই পড়ে সময় কাটাবো। একদম তো বেকার হয়ে যায়নি, আবার দরকার বলে ওকালতি শুরু করব। উকিলের ডিগ্রি আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, আবার কোর্টে যাব। তবে রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললেই করতে হবে নাকি?
advertisement
তবে অন্য দলে যাচ্ছেন কিনা সে বিষয়ে অসিত মজুমদার বলেন, এখনও ভেবে দেখিনি। তবে আমারও দলীয় কর্মীদের নিয়ে একটা পরিবার আছে। তাদের সঙ্গে আলোচনা করব। এরপর ভেবে দেখব কী করা যায়।
দলের প্রবীণ বিধায়ক হলে বহুবারই বিতর্কে জড়িয়েছেন অসিত মজুমদার৷ কখনও বেফাঁস মন্তব্য করে, কখনও আবার বিরোধীদের দিকে লাঠি নিয়ে তেড়ে গিয়ে দলের অস্বস্তি বাড়িয়েছেন তিনি৷ সম্প্রতি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সংঘাতে জড়িয়েছিলেন তিনি৷ সেই সংঘাতের খেসারতই অসিতকে দিতে হল কি না, তা নিয়েই এখন চুঁচুড়ার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে জোর চর্চা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 8:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Asit Mazumdar: তিন বারের বিধায়ক, তার পরেও টিকিট দিল না তৃণমূল! অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত









