Bicycle Tour: হাতের মুঠোয় চাকরি, তবুও...! চার দেওয়ালের বন্দিদশা কাটাতে ভরসা সাইকেল, ঘর ছাড়লেন কম্পিউটার সায়েন্সের ফাজিল
- Reported by:Ranjan Chanda
- Published by:Madhab Das
Last Updated:
Bicycle Tour: কম্পিউটার সায়েন্সের উজ্জ্বল ক্যারিয়ার ও নিশ্চিত চাকরির হাতছানি উপেক্ষা করে সাইকেলে বিশ্বভ্রমণে বেরোলেন ফাজিল। চার দেওয়ালের যান্ত্রিক জীবন ছেড়ে প্রকৃতির মাঝে অজানাকে চেনায় তার একমাত্র লক্ষ্য। ফাজিলের এই অদম্য জেদ ও ভ্রমণের সাহসিকতার গল্প পড়ুন এখানে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: কম্পিউটার সায়েন্সে পড়াশোনা, হাতের মুঠোয় চাকরির সুযোগ—আজকের দিনে যা অনেকের স্বপ্ন। কিন্তু সেই চেনা কর্পোরেট জীবনের গণ্ডি ভাঙতেই ২৩ বছরের এক যুবক বেরিয়ে পড়েছেন সাইকেল নিয়ে দীর্ঘ যাত্রায়। তেলেঙ্গানার বাসিন্দা ফাজিল হিন্দুস্তান বেছে নিয়েছেন একেবারেই আলাদা পথ—সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্য আর মানুষের জীবনকে কাছ থেকে জানার পথ।
বেশ কয়েকটি সংস্থায় কাজ করলেও কখনওই কর্পোরেট চাকরির বাঁধাধরা জীবন তাঁর পছন্দ ছিল না। ডেস্কের চার দেওয়ালের বদলে তিনি দেখতে চেয়েছেন ভারতের বৈচিত্র্য, শুনতে চেয়েছেন মানুষের গল্প। সেই ভাবনা থেকেই চাকরির সামান্য জমানো অর্থকে পুঁজি করে, প্রায় কোনও প্রস্তুতি ছাড়াই গত ডিসেম্বরে বাড়ি ছেড়েছেন ফাজিল। সঙ্গী বলতে একটি সাইকেল, কয়েক জোড়া পোশাক আর অদম্য ইচ্ছাশক্তি। বাড়িতে রয়েছে বাবা-মা ও বোন।
advertisement
advertisement
দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইতিমধ্যেই তিনি পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। পথে একের পর এক রাজ্য অতিক্রম করতে করতে তাঁর অভিজ্ঞতার ঝুলি ভরছে নানা গল্পে। কখনও রাস্তার ধারে ক্ষুধার্ত মানুষ দেখে নিজের খরচ বাঁচিয়ে খাবার কিনে দিয়েছেন, কখনও বা সামান্য অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের। তাঁর কাছে ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরি করা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী দিনে নেপাল, ত্রিপুরা, অসম, মেঘালয় হয়ে এমনকি লাদাখ পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে এই যুবকের। প্রতিটি জায়গার সংস্কৃতি, স্থানীয় খাবার, লোকাচার আর মানুষের জীবনধারা জানাই তাঁর মূল উদ্দেশ্য। সামাজিক মাধ্যমে নিজের যাত্রার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি চাইছেন অন্য তরুণদেরও অনুপ্রাণিত করতে—যেন তারা শুধু চাকরির পিছনে না ছুটে জীবনের অর্থ খোঁজে বাস্তব অভিজ্ঞতার মধ্যে। ভরসা বলতে সামান্য সম্বল আর অটুট বিশ্বাস। সেই বিশ্বাসের জোরেই সাইকেলে চেপে একের পর এক রাজ্য পার করছেন ফাজিল হিন্দুস্তান। তাঁর ভাবনা, সাহস আর মানবিকতা সত্যিই চমকে দিচ্ছে সকলকে—প্রমাণ করছে, স্বপ্ন দেখার জন্য বড় পুঁজি নয়, দরকার বড় মন।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Feb 05, 2026 2:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bicycle Tour: হাতের মুঠোয় চাকরি, তবুও...! চার দেওয়ালের বন্দিদশা কাটাতে ভরসা সাইকেল, ঘর ছাড়লেন কম্পিউটার সায়েন্সের ফাজিল









